স্ত্রী হত্যার বিচার চেয়ে স্বামীর আকুতি
এইচ এ বাবলু।।
চাঁদপুরের শাহরাস্তিতে নিহত গৃহবধূ রিগান আক্তার মীমের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁর স্বামী সাইফুল আলম।
রবিবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে কান্নাজড়িত কণ্ঠে কথা বলতে গিয়ে তিনি বলেন, একটি সুন্দর ও সুখের সংসার মুহূর্তেই ধ্বংস হয়ে গেছে। ব্যবসায়িক কাজে গাজীপুরে অবস্থানকালে ফোনে তিনি স্ত্রীর মৃত্যুর সংবাদ পান। খবর পেয়ে বাড়িতে ফিরে স্ত্রীর মৃত্যুর শোকের পাশাপাশি দুই অবুঝ সন্তানকে নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন বলে জানান তিনি।
সাইফুল আলম বলেন, তিন ভাইয়ের পরিবারে দীর্ঘদিন ধরে মিলেমিশে বসবাস করতেন তারা। ব্যবসা ও চাকরির কারণে তিন ভাইই প্রায় সময় বাড়ির বাইরে থাকতেন। এ সময় পরিবারের দায়িত্ব সামলাতেন দুই পুত্রবধূ। তবে তাদের মধ্যে কোনো বিরোধ বা সম্পর্কের অবনতি ঘটেছিল কি না, সে বিষয়ে তিনি বা তাঁর ভাইয়েরা কিছুই বুঝতে পারেননি।
তিনি বলেন, “আমি বিশ্বাস করি, আমার স্ত্রীর হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। আমার ধারণা, এ ঘটনায় আরও কেউ জড়িত থাকতে পারে। তাই নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা জরুরি।”
কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, “আমি মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছি। এখন শুধু আমার দুই সন্তানের ভবিষ্যৎ নিয়েই ভাবছি। তিন মাস বয়সী ছেলেকে তার নানীর কাছে রাখতে হয়েছে। আর আড়াই বছর বয়সী মেয়েকে নিয়ে কোনোভাবে দিন পার করছি। আমি শুধু আমার স্ত্রীর হত্যার বিচার চাই।”
নিহত মীমের পরিবারের সদস্যরাও এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।





