আদমদীঘিতে সারের গুদাম সিলগালা
আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়া জেলার আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নে সার পরিবহনের সময় ক্যাশ মেমো প্রদর্শন করতে না পারায় এবং গুদামে মজুদের সঠিক হিসাব না থাকায় মেসার্স কাশেম এন্টার প্রাইজকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে প্রতিষ্ঠানটির গুদাম সিলগালা করা হয়েছে।
(১৯ জুলাই) রবিবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শনিবার বিকাল ৪টার সময় উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের বিএডিসি ডিলার মেসার্স কাশেম এন্টারপ্রাইজ ক্যাশ মেমো ছাড়াই আদমদীঘি সদর ইউনিয়নের মেসার্স খন্দকার ট্রেডার্সের নিকট ডিএপি ও এমওপি রাসায়নিক সার পরিবহন করছিলেন। এ সময় উপজেলার তালশন কালীবাড়ি এলাকায় সার পরিবহনের গাড়ি আটক করলে সারের ক্যাশ মেমো প্রদর্শন করতে ব্যর্থ হয় এবং গুদামে মজুদের সঠিক হিসাব দিতে পারেনা।
রবিবার বিকেলে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেসার্স কাশেম এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। সেই সাথে মেসার্স কাশেম এন্টারপ্রাইজের গুদামটি সিলগালা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম ও আদমদীঘি থানার উপ-পরিদর্শক সোহাগ হোসেনসহ আরো অনেক। সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা ও সারের অবৈধ মজুদ এবং চোরাচালান প্রতিরোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।





