শাহরাস্তি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে পানিবন্দী ১০ পরিবার, চরম দুর্ভোগে জনজীবন
এইচ এ বাবলু
চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পাচকড়ি মিয়াজি বাড়ি ও পাটোয়ারী বাড়ির পশ্চিম পাশে সামান্য বৃষ্টিতেই কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ থাকায় প্রায় ১০টি পরিবার দীর্ঘদিন ধরে পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে মাছের ঘের ও বেড়িবাঁধ নির্মাণের কারণে এ দুর্ভোগের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন মো. ইব্রাহিম পাটোয়ারী, মিজান পাটোয়ারী, সৌদি প্রবাসী আবদুল কাদের, সৌদি প্রবাসী মো. মানিক, মো. কালু মিয়াজিসহ আরও কয়েকটি পরিবার। জলাবদ্ধতার কারণে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম মিয়াজি বলেন, “সামান্য বৃষ্টি হলেই আমরা পানিবন্দী হয়ে পড়ি। আশপাশের বিভিন্ন এলাকার পানি আমাদের এলাকা দিয়ে নেমে আসে। কিন্তু অপরিকল্পিত মাছের ঘের ও বেড়িবাঁধের কারণে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়। ফলে অল্প বৃষ্টিতেই ঘরবাড়িতে পানি উঠে যায় এবং দুর্ভোগ চরম আকার ধারণ করে।”
জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে শিক্ষার্থীরা। স্থানীয় পাচকড়ি মিয়াজি বাড়ির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফাতিমা আক্তার জানায়, “রাস্তায় সবসময় পানি জমে থাকায় ঠিকমতো স্কুলে যেতে পারি না। এতে আমার লেখাপড়ার ক্ষতি হচ্ছে।”
স্থানীয় বাসিন্দা মো. কালু মিয়াজি বলেন, “উপজেলার বিভিন্ন এলাকার পানি এই পথ দিয়ে নেমে আসে। কিন্তু মাছের বেড়ির কারণে পানি আটকে গিয়ে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে আমাদের স্বাভাবিক জীবনযাপন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।”
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ সমস্যা থাকলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তারা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবারগুলো শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুনের দ্রুত হস্তক্ষেপ কামনা করে বলেন, স্থায়ীভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলে তারা এ দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারবেন।



