মাত্র ১ হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার
ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে মাত্র ১ হাজার টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে শুভ নামের এক যুবককে পিটিয়ে হত্যার মামলার প্রধান পলাতক আসামি মোঃ শাহীন মোল্লাকে (২৪) গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (২৫ জুলাই) রাত ৮টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন আমবাগান ইউটার্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ এবং র্যাব-১, সিপিএসসি, গাজীপুর এর একটি চৌকস দল এ যৌথ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত শাহীন মোল্লা সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার কোনাবাড়ী গ্রামের মো: সাইফুল ইসলাম মোল্লার ছেলে। তিনি এই হত্যা মামলার ১ নম্বর এজাহারনামীয় আসামি।
প্রেস বিজ্ঞপ্তি ও মামলার বিবরণী থেকে জানা যায়, নিহত শুভ গত বছরের (২০২৫ সালের) অক্টোবর মাসের দিকে আসামি শাহীন মোল্লার কাছ থেকে ১ হাজার টাকা ধার নেন। পরবর্তীতে এই ধারের টাকা ফেরত দেওয়া নিয়ে শাহীন ও তার বন্ধুরা শুভর ওপর চাপ সৃষ্টি করতে থাকে। এই টাকার বিরোধের জেরে গত ২৫ নভেম্বর ২০২৫ তারিখে শাহীন ও তার সহযোগীরা তামাই গ্রামে তাঁতের কাজ করা অবস্থায় শুভকে ডেকে নিয়ে আসে। শুভ তামাই স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে আসামিরা তাকে বাঁশ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে মাথায় গুরুতর আঘাত করে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শুভকে উদ্ধার করে প্রথমে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে শুভর মৃত্যু হয়।
এই নৃশংস হত্যাকাণ্ডের পর নিহতের বাবা বাদী হয়ে বেলকুচি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি সে সময় সিরাজগঞ্জসহ দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই মূল আসামি শাহীন পলাতক ছিলেন।
র্যাব-১২ এর সদর কোম্পানির কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ জানান, আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরে যৌথ অভিযান চালিয়ে এই ক্লু-লেস ও চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জের বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে।




