সিরাজগঞ্জে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস
ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মানে সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জুলাই শহিদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে আহত ও সংগ্রামী জুলাই যোদ্ধাদের সাহস, ত্যাগ এবং দেশপ্রেমের ভূয়সী প্রশংসা করেন। বক্তারা বলেন, জুলাইয়ের চেতনা ন্যায়বিচার, সাম্য, মানবিকতা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রেরণা। এই আদর্শকে ধারণ করে বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের শেষে জুলাই শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং জুলাই যোদ্ধাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানানো হয়।





