ভূল্লী উপজেলার ২ নং বালিয়া ইউনিয়নের বসত বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে
বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি টিনশেড শোয়ার ঘর ও একটি রান্নাঘর সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গিয়ে আনুমানিক দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার (৫ অক্টোবর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে ভূল্লী উপজেলার ২ নং বালিয়া ইউনিয়নের কুমারপুকুর ফরেস্টের ডাঙ্গা গ্রামের বাসিন্দা মো. সোনাবুল (৫০)-এর বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনি মৃত শামসুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে হঠাৎ সোনাবুলের বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে দুটি টিনশেড শোয়ার ঘর ও রান্নাঘরে। আগুনের তীব্রতা দেখে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘরের ভেতর থাকা মালামাল সরিয়ে নেওয়ার তেমন সুযোগ ছিল না। ফলে আসবাবপত্রসহ প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী পুড়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের দ্রুত তৎপরতায় আগুন আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।
ক্ষতিগ্রস্ত সোনাবুল বলেন, “হঠাৎ ঘরে আগুন দেখতে পাই। কিছু বুঝে ওঠার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু এরই মধ্যে ঘরের অনেক মালামাল পুড়ে গেছে।”
ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে আগুন আশপাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়তে পারেনি।





