মেট্রোপলিটন পুলিশ লাইন্স এ সাইবার পুলিশ সেন্টার ও ডিজিটাল ফরেনসিক ল্যাবের কার্যক্রম উদ্বোধন
চট্টগ্রাম প্রতিনিধি:
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এমপি বলেছেন, পুলিশ অপরাধদমন করতে গেলে মাঝে মধ্যে আক্রমনের শিকার হয়, এটি নতুন কোন বিষয় নয়, আমরা অপরাধীদের গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চালাবো। তিনি বলেন, আগামীতে সরকারের অপারেশন ক্লিন হার্ট চালানোর মতো কোন পরিকল্পনা নেই
স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার দুপুরে চট্টগ্রামে দামপাড়াস্থ মেট্রোপলিটন পুলিশ লাইন্স এ সাইবার পুলিশ সেন্টার ও ডিজিটাল ফরেনসিক ল্যাবের কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
দক্ষিণ কোরিয়ার সহায়তায় প্রায় ৫৯ কোটি ৮লক্ষ টাকা ব্যয়ে এই সাইবার পুলিশ সেন্টার নির্মাণ করা হয়। সেসময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়া রাষ্ট্রদূত মি. কিম জি জন, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, আইজিপি মো. আলী হোসেন ফকির, অ্যাডিশনাল আইজিপি সরদার নুরুল আমিন, অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, চট্টগ্রাম পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলীসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।
চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রম শুরুর মধ্য দিয়ে দেশের গুরুত্বপূর্ণ এই অঞ্চলে সাইবার অপরাধের দ্রুত শনাক্তকরণ, ডিজিটাল প্রমাণ সংগ্রহ ও বিশ্লেষণ, সাইবার অপরাধ তদন্ত এবং প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী।





