সারাদেশ

অর্থনীতিতে সমবায়ের কোনো বিকল্প নেই: রুহুল কবির রিজভী

মারুফ হাসান,কালীগঞ্জ (গাজীপুর):
কৃষিনির্ভর বাংলাদেশে সমবায়ের গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব (ভারপ্রাপ্ত) ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় গাজীপুরের কালীগঞ্জে ৫৬তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলার নাগরী ইউনিয়নের কুচিলাবাড়ী এলাকার কালব রিসোর্ট অ্যান্ড কনভেনশন হলে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রুহুল কবির রিজভী বলেন, অর্থনীতিতে সমবায়ের কোনো বিকল্প নেই। কৃষি থেকে শুরু করে সব ক্ষেত্রেই সমবায়ের গুরুত্ব অপরিসীম। তাই সমবায় আন্দোলনকে আরও বেগবান করতে হবে। সমবায় কার্যক্রম শুধু একটি দিবসের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; দেশের মানুষকে এগিয়ে নিতে সমবায় কার্যক্রম আরও সম্প্রসারণ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন বলেন, দেশের কল্যাণ ও সার্বভৌমত্ব রক্ষায় সবার সহযোগিতা প্রয়োজন। সমবায় কার্যক্রম কোম্পানি আইনের কাঠামোয় পরিচালিত হওয়া উচিত নয়। রিকশাচালক, টেম্পোচালকসহ খেটে খাওয়া সাধারণ মানুষ সমবায়ের মাধ্যমে তাঁদের সঞ্চয় জমা রাখেন। তাই সমবায় খাতের ওপর করের বোঝা কমানো প্রয়োজন। এতে সমবায় কার্যক্রম আরও গতিশীল হবে এবং উন্নয়নের অগ্রযাত্রা ত্বরান্বিত হবে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন ও জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া তাবাসসুম, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, সদস্যসচিব খালিদুজ্জামান বাবলু, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র লুৎফর রহমান, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশরাফী হাবিবুল্লাহ, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান নায়েবুর রহমান মাসুদসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও সমবায় সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা আতাউর রহমান। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে অন্যান্য ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ করা হয়। এ ছাড়া অনুষ্ঠানে নৃত্যশিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সমবায়ের গুরুত্ব, সমবায়ভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন এবং দেশের সামগ্রিক অগ্রগতিতে সমবায় কার্যক্রমের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,