ধাপেরহাটে নির্মাণাধীন ভবন থেকে ৬ ককটেল-পেট্রোল বোমা উদ্ধার
বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা) :
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে একটি নির্মাণাধীন ভবন থেকে তিনটি ককটেল ও তিনটি পেট্রোল বোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে শনিবার (২০ নভেম্বর) রাত ৩টার দিকে ধাপেরহাট এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কের পূর্ব পাশে জিসান ফিলিং স্টেশন ও ইটভাটা সংলগ্ন একটি নির্মাণাধীন ভবন থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।
এসআরবি-১৩-এর গাইবান্ধা ক্যাম্পের (সিপিসি-৩) একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায়। পরে ব্যাটালিয়নের বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনটি ককটেল ও তিনটি পেট্রোল বোমা উদ্ধার করে। উদ্ধার করা বিস্ফোরকগুলো সাদুল্লাপুর থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে জমা দেওয়া হয়েছে।
এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে অস্ত্র, বিস্ফোরক ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এসআরবি-১৩-এর অভিযান অব্যাহত থাকবে।





