শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রীড়া উৎসবের উদ্বোধন, শুরু দাবা প্রতিযোগিতার মধ্য দিয়ে
এইচ এ বাবলু | শাহরাস্তি, চাঁদপুর
চাঁদপুরের শাহরাস্তিতে সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার বাইরে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন দৃঢ় করতে শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যোগে মাসব্যাপী ক্রীড়া উৎসবের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিকেল ৩টায় শাহরাস্তি প্রেসক্লাব প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ উৎসবের সূচনা হয়।
উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন। তিনি ফিতা কেটে মাসব্যাপী এ ক্রীড়া আয়োজনের শুভ সূচনা করেন।
শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান ও শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। স্বাগত বক্তব্য দেন ক্রীড়া উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক আবু মুছা আল শিহাব। প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ফয়েজ আহমেদের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, সহ-সভাপতি স্বপন কর্মকার মিঠুন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন।
উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন ক্রীড়া উৎসবের সফলতা কামনা করেন। সাংবাদিকদের এমন ঐক্যবদ্ধ উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলার এ আয়োজন একটি প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে। তিনি উৎসব আয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে দাবা প্রতিযোগিতার মধ্য দিয়ে মাসব্যাপী ক্রীড়া উৎসবের মূল পর্ব শুরু হয়। প্রথম দিনের দাবা প্রতিযোগিতায় অংশ নেন সাংবাদিক আবু মুছা আল শিহাব, রকি চন্দ্র সাহা, হাসান আহমেদ, মহি উদ্দিন, জসিম উদ্দিন ও হানিফ মিয়াজী।
অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। মাসব্যাপী এ উৎসবে প্রেসক্লাবের সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
ক্রীড়া উৎসবকে ঘিরে প্রেসক্লাব সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এ আয়োজন সাংবাদিকদের কর্মব্যস্ত জীবনে বিনোদনের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা আয়োজকদের।





