চাঁদপুরের হাজীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ জন আটক, উদ্ধার দেশীয় অস্ত্র ও সরঞ্জাম
মো. রাজন পাটওয়ারী, স্টাফ রিপোর্টার চাঁদপুর:
চাঁদপুরের হাজীগঞ্জে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্র, তালা কাটার সরঞ্জাম ও একটি পিকআপ গাড়িসহ ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (৭ মার্চ ২০২৬) দিবাগত রাত প্রায় ১টা ৪০ মিনিটে হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ এলাকায় চাঁদপুর–কুমিল্লা আঞ্চলিক সড়কের একটি ব্রিজের উপর স্থাপিত পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা ও হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মা। এ সময় এসআই মো. নাজমুল আলম ও এএসআই দিলীপ চন্দ্র দাসসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন।
এ সময় একটি নীল রঙের TATA ব্র্যান্ডের পিকআপ গাড়িকে থামানোর সংকেত দিলে গাড়িতে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে তিনজনকে আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন— মো. জাহেদ ওরফে জাহিদ (২৭), বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়; মো. ইসমাইল হোসেন (৩৫), কুমিল্লার মুরাদনগর উপজেলার বাসিন্দা; এবং মো. মহসীন মিয়া (৪০), কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাসিন্দা।
পুলিশ তাদের কাছ থেকে একটি ধারালো রামদা, একটি চাপাতি, একটি দেশীয় ছুরি, তিনটি কালো মাস্ক এবং পিকআপ গাড়ি থেকে একটি লোহার কাটার, তিনটি লোহার রড, একটি শাবল, তিনটি পুরোনো সুতির গামছা ও পাঁচটি ধারালো ব্লেড উদ্ধার করেছে।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে হাজীগঞ্জ থানা পুলিশ।





