সারাদেশ

তেল সংকটের খবরে সাতক্ষীরার পেট্রল পাম্পে উপচে পড়া ভিড়

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::

জ্বালানী তেল সংকটের গুজব ছড়িয়ে পড়ার পর সাতক্ষীরার বিভিন্ন পেট্রোল পাম্পে উপচে পড়া ভিড় দেখা গেছে। বুধবার রাত থেকে শুরু হওয়া এ ভিড় বৃহস্পতিবার  সন্ধ্যা পর্যন্ত অব্যাহত ছিল।
একইসঙ্গে বিপুলসংখ্যক মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও অন্যান্য যানবাহন জ্বালানি নিতে আসায় পাম্পের আশপাশে বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে শহরের এবি খান পেট্রল পাম্পে গিয়ে দেখা যায়, জ্বালানি নিতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। পাম্পের বাইরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা যানবাহনের কারণে আশপাশের সড়কে যান চলাচল ধীর হয়ে পড়ে। কোথাও কোথাও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
আজ দুপুর ১২টার দিকে শহরের সংগ্রাম পেট্রল পাম্প ও পুরাতন সাতক্ষীরা পেট্রল পাম্পে গিয়ে জানা যায়, সেখানে সাময়িকভাবে বিক্রি বন্ধ রয়েছে।
জ্বালানি নিতে আসা মোটরসাইকেলচালক আব্দুল ওহাব বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তেল সংকটের খবর দেখে আগেভাগেই তেল নিতে এসেছেন। তবে পাম্পে এসে জানতে পারেন, জ্বালানির সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং সংকটের খবর সঠিক নয়।
এবি খান পেট্রোল পাম্পের ব্যবস্থাপক তারিকুল ইসলাম বলেন, গুজব ছড়িয়ে পড়ার পর একসঙ্গে বিপুলসংখ্যক মানুষ জ্বালানি নিতে আসায় চাপ বেড়ে গেছে। এতে কর্মীদের তেল সরবরাহ করতে হিমশিম খেতে হচ্ছে।
তিনি বলেন, সড়কে যানজটের কারণ জ্বালানির সংকট নয়। গুজবের কারণে একসঙ্গে কয়েক শত যানবাহন পাম্পে চলে আসায় পাম্পের বাইরে দীর্ঘ লাইন তৈরি হয়েছে।
সাতক্ষীরার জেলা প্রশাসক কাউছার আজিজ বলেন, জেলার সব পেট্রল পাম্পের মালিকদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। খুলনার ডিপো থেকেও প্রয়োজনীয় জ্বালানি পাওয়া যাচ্ছে।
গুজব ও অপপ্রচার ঠেকাতে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে জেলা তথ্য অফিসের মাধ্যমে মাইকিং করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। তিনি সবাইকে গুজবে কান না দিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বানও জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,