পটুয়াখালীতে গ্রিন এনার্জি অলিম্পিয়াড অনুষ্ঠিত
আসাদুল্লাহ হাসান মুসা, পটুয়াখালী প্রতিনিধিঃ-
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের আরও সচেতন ও সম্পৃক্ত করতে পটুয়াখালীতে অনুষ্ঠিত হলো ইকো–ভিত্তিক পরিবেশ সচেতনতা উদ্যোগ “গ্রিন এনার্জি অলিম্পিয়াড ২০২৫”। বুধবার বিকেল ৩টা থেকে পটুয়াখালী ওয়ায়েজিয়া কামিল মাদ্রাসায় দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এ কর্মসূচির আয়োজন করে ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশন।
আয়োজকরা জানান, “গ্রিন এনার্জি অলিম্পিয়াড ২০২৫”-এ প্রাথমিকভাবে পটুয়াখালী জেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩ হাজার শিক্ষার্থী অংশ নেবে। পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে উদ্বোধনের পর ওয়ায়েজিয়া কামিল মাদ্রাসায় এটি ছিল ষষ্ঠ আয়োজন।

ষষ্ঠ অলিম্পিয়াডে ডিওয়াইএফ সদস্য মোঃ মাহমুদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী ওয়ায়েজিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব মাও. শাহ্ মোঃ নেছারুল হক। বিশেষ অতিথি ছিলেন অত্র প্রতিষ্ঠানের আরবি প্রভাষক মাও. মাহমুদুল হাসান, সহকারী শিক্ষক মাহবুবুর রহমান ও মজিবুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন ডিওয়াইএফ–এর এইচ আর মোঃ রেদোয়ান হোসাইন, অ্যাডমিন তাহজিব আলম তুয়ান, লজিস্টিক অফিসার মোঃ রাকিবুল ইসলাম, ভলান্টিয়ার কো–অর্ডিনেটর অর্পণ বিশ্বাস আরজুসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি আহম্মেদ কাওসার ইবু।
প্রিন্সিপাল আলহাজ্ব মাও. শাহ্ মোঃ নেছারুল হক বলেন, “পরিবেশবান্ধব বাংলাদেশ গঠনে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের জলবায়ু নেতৃত্বে অগ্রণী ভূমিকা রাখবে। এই অলিম্পিয়াড নবায়নযোগ্য জ্বালানি ও সবুজ শক্তি বিষয়ে তরুণদের জ্ঞান, যুক্তি ও উদ্ভাবনী চিন্তাকে জাগিয়ে তুলতে সহযোগিতা করবে।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, জ্বালানি সাশ্রয় এবং পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসারে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। “গ্রিন এনার্জি অলিম্পিয়াড ২০২৫”-এর মাধ্যমে শিক্ষার্থীরা নবায়নযোগ্য জ্বালানি, সবুজ শক্তি ও জলবায়ু পরিবর্তন বিষয়ে তাদের জ্ঞান ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করছে, যা ভবিষ্যতে পরিবেশবান্ধব জীবনধারার প্রতি আগ্রহ সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি আহম্মেদ কাওসার ইবু বলেন, “‘জাগো তরুণ, বদলাও দেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে আমরা তরুণদের হাতে একটি টেকসই ভবিষ্যতের স্বপ্ন তুলে দিচ্ছি। এটি শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং সামাজিক পরিবর্তনের একটি আন্দোলন।”





