পাথরঘাটায় কমিউনিটি ভিত্তিক যুব প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত
ইব্রাহীম খলীল, পাথরঘাটা।
বরগুনার পাথরঘাটায় স্থানীয় কমিউনিটির উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী যুব প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এলাকার তরুণ-তরুণীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। ২৮ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০ টার সময় উপজেলার চরলাঠিমারা সিসিআরসি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করেন চরলাঠিমারা, পদ্মা ও রুহিতা সিসিআরসি ইয়ুথ গ্রুপ সদস্যরা।
অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল যুবসমাজকে সচেতন, সক্রিয় এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা। পাশাপাশি তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, দলগত কাজের মনোভাব এবং সমস্যা সমাধানের দক্ষতা উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়।
এ আয়োজনের মাধ্যমে বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে অংশগ্রহণকারীদের লুকিয়ে থাকা প্রতিভা- যেমন গান, বক্তৃতা ও চিত্রাঙ্কন-উন্মোচনের সুযোগ সৃষ্টি করা হয়।
এছাড়া বাল্যবিবাহ, মাদকাসক্তি, বেকারত্ব ও স্বাস্থ্যঝুঁকির মতো গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয় এবং সমাধানের পথ খোঁজার চেষ্টা করা হয়।
অনুষ্ঠানে ইতিবাচক আচরণ, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে যুবসমাজ ও স্থানীয় জনগণের মধ্যে সম্পর্ক জোরদার এবং কমিউনিটির ঐক্য বৃদ্ধির বিষয়টি তুলে ধরা হয়। ভবিষ্যতে তরুণদের স্বেচ্ছাসেবা ও উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, হাসান মিয়া ও সুজন চন্দ্র বিশ্বাস।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন ইসমাইল হোসেন, দ্বিতীয় হন আহাদ রেজা এবং তৃতীয় স্থান লাভ করেন জুয়েল মিয়া। আলোচনা শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।





