ভারতীয় চোরাই পণ্য পাচারকালে পাথরঘাটার ভাঙারি ব্যবসায়ীসহ ভান্ডারিয়ায় আটক ৩
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারত থেকে আনা ১৩ লাখ ২৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের শাড়ি ও পাঞ্জাবিসহ তিনজনকে আটক করেছে ভাণ্ডারিয়া থানা পুলিশ। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ভাণ্ডারিয়া-কাঁঠালিয়া সড়কের আমান উল্লাহ কলেজের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কাকডাঙ্গা এলাকার মো. বাকি বিল্লাহ সিকদার (৫৫), বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের চরকালেখা এলাকার মো. শামীম বেপারী (৪৫) এবং শরীয়তপুরের ডামুডা উপজেলার কুলকুড়ি এলাকার মো. সিয়াম সরদার (১৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি ট্রাকে করে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা বিভিন্ন ধরনের শাড়ি ও পাঞ্জাবি পরিবহন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভাণ্ডারিয়া-কাঁঠালিয়া সড়কের আমান উল্লাহ কলেজের সামনে ট্রাকটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাক থেকে এসব পণ্য উদ্ধার করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ১৩ লাখ ২৬ হাজার টাকা।
আটক বাকি বিল্লাহ সিকদার দীর্ঘদিন ধরে বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া বাজার ও পার্শ্ববর্তী রায়হানপুর ব্রিজঘাট এলাকায় ভাঙারির ব্যবসা করে আসছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সন্দেহ জনক কাকচিড়া ব্রিজঘাট এলাকা থেকে পণ্যগুলো ট্রাকে তোলা হয়েছিল কি না, সে বিষয়ে পুলিশি তদন্তের মাধ্যমে বিস্তারিত জানা যাবে।
স্থানীয়দের অভিযোগ, বাকি বিল্লাহ সিকদারের বিরুদ্ধে চোরাই পণ্য ক্রয়-বিক্রয়, সরকারি মালামাল চুরি ও মাদক কারবারসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার সঙ্গে আরও কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগও রয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন। তারা আরও বলেন তার কাছে মোটা অংকের টাকা আছে বলেই তো যে কোন সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান করে নেয়। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের তদন্ত ও আদালতের প্রক্রিয়ায় চূড়ান্ত তথ্য পাওয়া যাবে।
এর আগে একই এলাকার ফায়েক সিকদারের ছেলে সুজন সিকদারকে প্রায় সাড়ে ৬ লাখ টাকা মূল্যের অবৈধ মালামালসহ পাথরঘাটা থানায় গ্রেপ্তার করা হয়েছিল বলে জানা গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয় এবং বর্তমানে তিনি বরগুনা জেলা কারাগারে রয়েছেন। সুজনের সঙ্গে বাকি বিল্লাহর সম্পৃক্ততার বিষয়টিও স্থানীয়ভাবে আলোচিত হলেও এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্যের ভিত্তিতেই চূড়ান্ত তথ্য প্রকাশ করা হবে।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা বিভিন্ন ধরনের শাড়ি ও পাঞ্জাবি বহনকারী একটি ট্রাক আটক করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ১৩ লাখ ২৬ হাজার টাকা। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে এবং চোরাচালানের কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।





