হামলা, হুমকি, অপপ্রচার—এক যুগ ধরে অপরাধী চক্রের টার্গেটে সাংবাদিক শুভ্র
মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি:- কুমিল্লা:– কুমিল্লা নগরীতে সাংবাদিক ও পেশাজীবী মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে কেন্দ্র করে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের তৎপরতার অভিযোগ উঠেছে। একাধিক হামলা, চাঁদাবাজি, ছিনতাই, হুমকি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের শিকার হয়ে বারবার আইনের আশ্রয় নিলেও তিনি কাঙ্ক্ষিত নিরাপত্তা পাননি বলে অভিযোগ করেছেন।
ভুক্তভোগীর দাবি, ২০১৭ সাল থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে তিনি একাধিক সাধারণ ডায়েরি (জিডি) ও মামলা দায়ের করেছেন।
এসব অভিযোগে পেশাগত কাজে বাধা, প্রাণনাশের হুমকি, অনুসরণ, মারধর এবং মূল্যবান সরঞ্জাম ছিনতাইয়ের ঘটনা উঠে এসেছে।

তিনি জানান, হেলমেটধারী দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে বিভিন্ন সময় তার ওপর হামলা চালিয়েছে এবং তাকে ভয়ভীতি দেখিয়ে পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে। এর পেছনে একটি সংঘবদ্ধ চক্র কাজ করছে বলে তিনি অভিযোগ করেন।

সর্বশেষ ২০২৫ সালের অক্টোবর মাসে দায়ের করা একটি মামলায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়। আদালত মামলাটি তদন্তের জন্য কুমিল্লা কোতোয়ালি মডেল থানাকে নির্দেশ দেন। বর্তমানে আরও দুটি মামলা তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, চক্রটি নাম্বারবিহীন মোটরসাইকেল ব্যবহার করে এবং পরিচয় গোপন রাখতে মাস্ক ও হেলমেট পরে চলাফেরা করে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমেও অপপ্রচার চালিয়ে মানসিক চাপ সৃষ্টি করছে।
নিরাপত্তার দাবিতে ভুক্তভোগী সাংবাদিক জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিয়েছেন। তবে এখনও মূল আসামিরা গ্রেপ্তার না হওয়ায় তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মামলাগুলোর তদন্ত চলমান রয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, ঘটনাটির নিরপেক্ষ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা এবং ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।




