কুমিল্লা আইডিয়াল কলেজের মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড অনুষ্ঠিত।
খন্দকার মহিবুল হক, কুমিল্লা।
‘এই দেশের স্বাধীনতার ইতিহাস একদিনের নয়। এই স্বাধীনতার ইতিহাস একটা দীর্ঘ পরিক্রমার ইতিহাস। এই স্বাধীনতা অনেক ত্যাগ আর রক্তের বিনিময়ে পাওয়া। তাই মুক্তিযুদ্ধের ইতিহাস কখনোই মুছে ফেলা যাবে না। কুমিল্লা আইডিয়াল কলেজে প্রথম আলো বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াডে এসব কথাগুলো বলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ইন্দুভূষণ ভৌমিক।
সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লিবারেল আর্টস অনুষদের ডিন বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন চৌধুরী বলেন, বাঙালির ইতিহাস হাজার বছরে ধীরে ধীরে গড়ে ওঠে। ৫২-সালে এসে বিকশিত বাঙালি জাতি সত্ত্বার বিকাশ ঘটে। এই ৫২ না হলে, ৭১ না হলে বাঙালি জাতি নামে কোন জাতি থাকতো না।
বীর মুক্তিযোদ্ধা ডা. আবু আয়ুব হামিদ মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করেন এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার গুরুত্বের কথা বলেন। নতুন প্রজন্মের সন্তানের এমন একটা জায়গায় আছে- তাঁরা কল্পনাও করতে পাববে না একাত্তর কেমন ছিলো। তোমরা কল্পনাই করতে পারবে না সে সময়ে নারীদের প্রতি কতোটা অত্যাচার হয়েছে।
কুমিল্লা আইডিয়াল কলেজের ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক ইমরান হোসাইন এর সঞ্চালনায় কুমিল্লা বন্ধুসভার সভাপতি প্রশান্ত কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কুমিল্লার ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়েল অধ্যক্ষ শরিফুল ইসলাম, কুমিল্লার ইতিহাস গবেষক আহসানুল কবীর, কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন। স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলোর কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমান।
‘মুক্তিযুদ্ধের আলোয় জাগ্রত তারুণ্য’ স্লোগানে নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস, তাৎপর্য ও মূল্যবোধ ছড়িয়ে দিতে মার্চ মাসজুড়ে প্রথমবারের মতো দেশব্যাপী মুক্তিযুদ্ধ অলিম্পিয়াডের আয়োজন করছে প্রথম আলো বন্ধুসভা।
মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়া ১৫০ জন শিক্ষার্থীর মধ্যে বাছাই শেষে ৫ জন শিক্ষার্থীকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়। এঁদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে নুসরাত জাহান মীম, দ্বিতীয় স্থান অর্জন করেছেন কোহিনুর আক্তার, তৃতীয় হয়েছে জোবায়ের আলম সিহাব, চতুর্থ স্বন্দীপ রায় বাসু এবং পঞ্চম রিয়ান ইসলাম আরাফাত। তাঁরা সকলেই কুমিল্লা আইডিয়াল কলেজের শিক্ষার্থী। আলোচনা শেষে বিজয়ীদের হাতে প্রথমা প্রকাশনের মুক্তিযুদ্ধভিত্তিক বই উপহার দেওয়া হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলো কুমিল্লার আঞ্চলিক ব্যবস্থাপক মাসুদ রানা জুয়েল, বন্ধুসভার সাধারণ সম্পাদক হানিফ মোচ্ছাবীর, সহ-সাংগঠনিক সম্পাদক সুরাইয়া খানম, সাংস্কৃতিক সম্পাদক জেনিবা খন্দকার বন্নি, জেন্ডার ও সমতা বিষয় সম্পাদক তাজ্বরীন সুলতানা প্রমুখ।





