তালায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় গরু ব্যবসায়ী নিহত
মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::
সাতক্ষীরার তালা উপজেলায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মো. খোকন সরদার (৫০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তাঁর সঙ্গে থাকা মো. আব্দুল কুদ্দুস সরদার গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৯ নভেম্বর) সকালে উপজেলার মির্জাপুর এলাকার বালিরগাদা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত খোকন সরদার ও আহত আব্দুল কুদ্দুস সরদার দুজনই তেঁতুলিয়া নওয়াপাড়া গ্রামের বাসিন্দা। তাঁরা পেশায় গরু ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দুই গরু ব্যবসায়ী মোটরসাইকেলে করে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। মির্জাপুর বাজার পেরিয়ে বালিরগাদা মোড়ে পৌঁছালে খুলনার দিক থেকে আসা দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্স তাঁদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান খোকন সরদার। গুরুতর আহত হন তাঁর সহযাত্রী আব্দুল কুদ্দুস সরদার। প্রত্যক্ষদর্শীরা তাঁকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





