পাটকেলঘাটায় সেনাসদস্যের বাড়িতে দিনের আলোয় দুর্ধর্ষ চুরি,স্বর্ণালংকার ও নগদ টাকা খোয়া
মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::
সাতক্ষীরার পাটকেলঘাটায় দিনের আলোয় এক সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বসতঘরের তালা ভেঙে আনুমানিক ৬-৭ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, ব্যাংকের চেক বইসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পাটকেলঘাটা থানার পারকুমিরা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সূত্রে জানা যায়, পারকুমিরা গ্রামের মৃত জব্বার আলীর ছেলে মো. শুকুর আলী সেনাবাহিনীতে কর্মরত। বর্তমানে তিনি রাঙ্গামাটিতে পোস্টেড রয়েছেন। বাড়িতে তার স্ত্রী একাই থাকতেন।
মঙ্গলবার সকালে বাড়ির বাইরে যান শুকুর আলীর স্ত্রী। এ সুযোগে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঘরের আলমারি ভেঙে মূল্যবান মালামাল নিয়ে যায় তারা।
পরে শুকুর আলীর স্ত্রী বাড়িতে ফিরে আলমারি ভাঙা এবং আসবাবপত্র তছনছ অবস্থায় দেখতে পান। এ সময় তিনি চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে ঘরে তল্লাশি চালিয়ে দেখা যায়, সেখানে রাখা স্বর্ণালংকার, নগদ অর্থ ও প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে চোরচক্র।
সেনাসদস্যের ভাই মহব্বত আলী ও সুরত আলী বলেন, ঘটনার সময় আমরা যার যার কর্মক্ষেত্রে ছিলাম। প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন—সুষ্ঠু তদন্তের মাধ্যমে চুরি হওয়া মালামাল দ্রুত উদ্ধার করা হোক এবং জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।
স্থানীয়রা বলছেন,হঠাৎ করে এলাকায় চুরির হার বেড়ে গেছে। পাটকেলঘাটা বাজারসহ আশপাশের গ্রামগুলোতে প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটছে। প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর তেমন কার্যকর ভূমিকা না থাকায় দিনের আলোয় এত বড় চুরির ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।
খবর পেয়ে পাটকেলঘাটা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে চোরচক্র এ ঘটনাটি ঘটিয়েছে বলে প্রাথমিক অবস্থায় মনে করছি। পুলিশ মালামাল উদ্ধার এবং অপরাধীদের শনাক্ত করতে কাজ চালাচ্ছি।





