পাবনা-ঢাকা প্রভাতী আন্তঃনগর উদ্বোধন ,ট্রেন পরিচালক থাকবেন চাটমোহরের কৃতি সন্তান – কাজী মিলন
সাব্বির আহমেদ ,স্টাফ রিপোর্টার (পাবনা)
দীর্ঘ প্রতিক্ষার পর আগামী ১৯ নভেম্বর পাবনা-ঢাকার মধ্যে চলাচলকারী আন্তঃনগর পাবনা প্রভাতী এক্সপ্রেস ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে।
আড়ম্বরপূর্ণ এবং জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করবে পাবনাবাসীর দীর্ঘদিনের আকাংখিত ঢাকার সাথে পাবনার সরাসরি রেল যোগাযোগ। আন্তঃনগর পাবনা প্রভাতী এক্সপ্রেস উদ্বোধনী ট্রেনের পরিচালকের দায়িত্ব পালন করবেন চাটমোহরের কৃতি সন্তান পৌর সদরের কাজী বাড়ীর মরহুম কাজী নজরুল ইসলামের (মানিক কাজী) জ্যেষ্ঠ পুত্র কাজী মনিরুল ইসলাম (কাজী মিলন)।
রেল ভবনের সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, পাবনা থেকে ঢাকা পর্যন্ত উদ্বোধনী আন্তঃনগর পাবনা প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি কাজী মনিরুল ইসলাম মিলনের নেতৃত্বে পরিচালিত হবে। দীর্ঘ ২২ বছর যাবত রেলওয়েতে চাকুরীরত কাজী মিলন সৎ, সততা, নিষ্ঠাবান, চৌকস, সদালাপী কর্মকর্তা হিসেবে সর্ব মহলে বিশেষ পরিচিতি রয়েছে। কেন্দ্রীয় গার্ড কাউন্সিলের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মিলন সারাদেশের গার্ডদের স্বার্থ সংরক্ষণে নিবেদিতভাবে কাজ করেছেন।
দীর্ঘদিন নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় সংশ্লিষ্ট দপ্তরে তার সু-খ্যাতি ছড়িয়েছে। তাকে এই গৌরবময় দায়িত্ব প্রদান করায় তিনি সংশ্লিষ্ট দপ্তরের
কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে চাটমোহরবাসীর দোয়া ও আর্শিবাদ কামনা করেছেন।
উল্লেখ্য, কাজী মনিরুল ইসলাম মিলন বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক রেলপথ ঢাকা-কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেসে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।




