ফরিদগঞ্জে পল্লী বিদ্যুতের ১২০০ ফুট সার্ভিস ড্রপ তার উ’দ্ধার
মোঃ সোহেল রানা, চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার একটি মোটরসাইকেল সার্ভিসিং দোকানের অপ্রয়োজনীয় মালামালের গুদামঘর থেকে পল্লী বিদ্যুতের প্রায় ১২০০ ফুট সার্ভিস ড্রপ তার উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট লাইন শ্রমিক মমিন হোসেন তারগুলো সেখানে রেখেছেন বলে স্বীকার করেছেন।
রবিবার (১০ মে ২০২৬) দুপুরে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে অবস্থিত কাশু বাইক সার্ভিসের অপ্রয়োজনীয় মালামালের গুদামঘরে ওই তারগুলো পাওয়া যায়। সরেজমিনে যাওয়া হলে দোকানের মালিক কাশু জানান, পল্লী বিদ্যুতের লাইন শ্রমিক মমিন হোসেন তারগুলো সেখানে এনে রেখেছেন।
এ বিষয়ে অভিযুক্ত মমিন হোসেন বলেন, আমি সি এম ও কাজের মালগুলো এখানে এনে রেখেছি। তবে সরকারি মালামাল অফিসের বাইরে কেন রাখা হয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আমার অন্যায়। অফিস সূত্রে জানা গেছে, অভিযুক্ত মমিন সিএমও কাজের কথা বললেও ওই দিনের নির্ধারিত কর্মসূচিতে তার কোনো সিএমও কাজের সিডিউল ছিল না।
ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, সরকারি মালামাল এভাবে অন্যত্র সংরক্ষণের পেছনে অসৎ উদ্দেশ্য থাকতে পারে। উপস্থিত কয়েকজনের সাথে কথা বললে তারা আরও জানায়, এর আগেও কয়েকবার সে এখানে তার এনে রেখেছে ।
নাম প্রকাশে অনিচ্ছুক অফিসের একজনের সাথে কথা বলে জানা যায়,জুনিয়র ইন্জিনিয়ার বকেয়ার জন্য প্রোগ্রামে গেলে সে মিটারের সার্ভিস ড্রপ তারগুলো চুরি করে নিয়ে যায়। তবে ঐ তারিখে তার মিটার লাগানোর কোন প্রোগ্রাম ছিল না।সে নিজে সিন্ডিকেট করে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় ও সমিতির সম্পত্তি অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে এমন কাজ করেছে।
উল্লেখ্য যে বিগত দিনেও তার বিরুদ্ধে অবৈধ ভাবে মিটার স্থানান্তর, অভিযোগে গিয়ে গ্রাহকদের কাছ থেকে টাকা আদায়, গ্রাহক হয়রানি সহ কয়েকটি লিখিত অভিযোগ জেনারেল ম্যানেজার বরাবর দেওয়া হয়।
এ বিষয়ে পল্লী বিদ্যুতের ফরিদগঞ্জ জোনাল অফিসের ডিজিএম সাইফুল আলমকে সাংবাদিকদের পক্ষ থেকে অবহিত করা হলে তিনি বলেন, বিষয়টি দেখছি। তবে এ বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। একই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে সহকারী জেনারেল ম্যানেজার নাজিরুল্লাহর ক্ষেত্রেও।
এদিকে, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজারের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।




