ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ১৫টি দেশীয় অস্ত্র উদ্ধার
মো: রাজন পাটওয়ারী, স্টাফ রিপোর্টার চাঁদপুর:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরিত্যক্ত অবস্থায় পাওয়া এসব অস্ত্রের ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) রাতের শেষ প্রহরে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার ১৫ নম্বর রূপসা উত্তর ইউনিয়নের রূপসা বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিটের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী।
অভিযানকালে রূপসা বাজারের সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১০টি বগি, ৩টি দামা, ১টি চাইনিজ কুড়াল এবং ১টি ছুরি।
তবে অভিযান চলাকালে ঘটনাস্থলে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে না পাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া জানান, অস্ত্র উদ্ধারের বিষয়টি সম্পর্কে তিনি অবগত রয়েছেন। তবে অভিযানের বিস্তারিত তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেই জানানো হবে।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ–ফরিদগঞ্জ সার্কেল) মুকুর চাকমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। কারা এসব অস্ত্র সেখানে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





