মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ১৭.৫ টন সিমেন্টসহ আটক ৯
মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ১৭.৫ টন সিমেন্টসহ আটক ৯
মামুন রাফী, স্টাফ রিপোর্টার
নোয়াখালীর হাতিয়া সংলগ্ন মেঘনা নদীপথ ব্যবহার করে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ১৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ একটি কার্গো বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় কার্গো বোটে থাকা ৯ জনকে আটক করা হয়েছে। জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত হাতিয়া থানাধীন চর গাসিয়া সংলগ্ন মেঘনা নদীতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানের সময় নদীতে সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়। এ সময় অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ১৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট পাওয়া যায়। পরে সিমেন্টসহ কার্গো বোটটি জব্দ এবং পাচারকাজে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—লক্ষ্মীপুরের আলেকজান্ডার উপজেলার চরমেহার গ্রামের রাশেদ (প্রধান মাঝি), হাতিয়ার মাইনউদ্দিন বাজার এলাকার রাশেদ, নোয়াখালীর চরজব্বর উপজেলার দক্ষিণচর মজিদ গ্রামের মনির, আফসার উদ্দিন, শেহেনাজ ও রুবেল, হাতিয়ার ফরাজি গ্রামের ফজলুল হক, হাতিয়ার তমরদ্দি এলাকার বাবুল এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলার দুর্গাপুর গ্রামের মোহাম্মদ সালাউদ্দিন।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত কার্গো বোট ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
তবে বিপুল পরিমাণ সিমেন্টের চালানটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, এর সঙ্গে কোনো সংঘবদ্ধ চোরাচালান চক্র জড়িত কি না এবং মিয়ানমারে পাচারের নেপথ্যে কারা রয়েছে, তা তদন্তের মাধ্যমে উদ্ঘাটনের দাবি উঠেছে।





