সাংবাদিক মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে সাতক্ষীরার বিভিন্ন সংগঠনের শোক
মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::
দৈনিক সরজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান (৫১) আর নেই। শুক্রবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে দেবহাটা উপজেলার কুলিয়ায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মোস্তাফিজুর রহমান দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে। মৃত্যুকালে তিনি এক কন্যাসন্তান, মা, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার (২১ নভেম্বর) বাদ জোহর কুলিয়ায় তাঁর নিজ বাসভবনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সাতক্ষীরা জেলার সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সদস্য ও নেতৃবৃন্দরা।
শোকবার্তায় নেতৃবৃন্দরা বলেন, মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে সাতক্ষীরার সাংবাদিক সমাজ একজন সহকর্মীকে হারাল। তাঁর মৃত্যুতে সৃষ্ট শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।





