সারাদেশ

সাতক্ষীরায় ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার উদ্বোধন

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::

সাতক্ষীরায় ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলার উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা আড়াইটার দিকে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ফিতা কেটে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন তিনি। এসময় পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মইনুল ইসলাম মঈন, জেলা বিএনপির আহ্বায়ক রহমত উল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলুসহ প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, মেলার পরিচালক এবং ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে ২০ দিনের জন্য মেলার অনুমতি থাকলেও মেলাটি চলবে মাসের অধিক, এমনটাই জানিয়েছেন মেলার পরিচালক হাসান। তিনি নড়াইল জেলার মানিক শিকদারের ছেলে।
সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের মানুষজন বহু বছর ধরে শহরের পলাশপোল এলাকায় গুড় পুকুরের পাশে ভাদ্র মাসের শেষে মনসা ও বিশ্বকর্মা পূজা করে আসছেন। এবারো যথাসময়ে তাঁরা এই পূজা উদযাপন করেছেন।
প্রচলিত রয়েছে পূজা উপলক্ষে প্রায় শতবছর আগে থেকেই মাটির পাত্র, নানান ধরনের খেলনা, আসবাবপত্র, মিষ্টিসহ বিভিন্ন ধরনের পরসা সাজিয়ে ছোট ছোট করে শহরের নানান জায়গায় মেলা বসতো। এটা এক সময়ে বড় আকারে শহরে মাসব্যাপী অনুষ্ঠিত হতো। তবে, ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টার পরপরই মেলা চলাকালীন নিউমার্কেট সংলগ্ন রক্সি সিনেমা হল ও সাতক্ষীরা স্টেডিয়ামে দি লায়ন সার্কাস প্যান্ডেলে ১১ মিনিটের ব্যবধানে পরপর কয়েকটি বোমা বিস্ফোরিত হয়। বোমা হামলায় সাতক্ষীরা সদর উপজেলার স্কুল ছাত্র কাজী মেফতাউল, ইটাগাছার ডাক্তার সেলিনা পারভীন ও দেবহাটা উপজেলার চরমোহাম্মদ আলী গ্রামের হাফিজুল ইসলাম পিন্টু নিহত হন। এতে আহত হন শতাধিক নারী -পুরুষ ও শিশু। আহতদের অনেকেই পঙ্গুত্ব নিয়ে বেঁচে রয়েছেন। এঘটনায় ৮ বছর বন্ধ থাকার পর ২০১১ সালে সাতক্ষীরায় আবারো গুড় পুকুরের মেলা শুরু হয়। প্রতিবছরের এ মেলায় কোটি কোটি টাকার বাণিজ্য হতো।
বিগত দুই বছর বন্ধ থাকার পর এবারো একই ধরনের মেলায় কোটি টাকার বাণিজ্য হবে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী ও সুধী মহল। তাঁরা বলেছেন, আড়াই শতাধিক স্টল থেকে প্রতিদিন ভাড়াবাবদ ৭ থেকে ৮ লাখ টাকা আদায় করবে কর্তৃপক্ষ।
মেলা পরিচালনাকারী মানিক শিকদারের ছেলে হাসান বলেন, জেলা প্রশাসন ২০ দিনের অনুমতি দিলেও মেলা চলবে মাসব্যাপী। তিনি বলেন, মেলায় দুই শতাধিক স্টল বসছে। যেখানে পোশাক-আশাক, কসমেটিক থেকে শুরু করে সবধরনের সামগ্রী থাকবে। নাগর দোলা, নৌকার দোলাসহ থাকবে বিভিন্ন ধরনের মজার মজার আয়োজন।
এদিকে, মেলার নিরাপত্তা জোরদারে পুলিশের পক্ষ থেকে কঠোর নজরদারির ব্যবস্থা করা হয়েছে। মেলার প্রবেশ মুখে বসানো হয়েছে পুলিশ বক্স। জেলা প্রশাসক ও পুলিশ সুপার উভয়েই বলেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে প্রশাসন কাজ করছে। যেকোনো ধরনের নাশকতা, ইভটিজিং, চাঁদাবাজি রুখতে প্রশাসন বদ্ধপরিকর। মেলাটি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য সে বিষয়ে সকলের সহযোগীতা কামনা করেছেন জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,