সাতক্ষীরা আদালত এলাকায় ককটেল বিস্ফোরণ
মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা ::
সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত চত্বর সংলগ্ন ডিসি অফিসের ক্যান্টিনের টিনের চালে ককটেল বিস্ফোরিত হয়েছে। ছয় দিনের ব্যবধানে একই জায়গায় দ্বিতীয়বার ককটেল বিস্ফোরণে কেউ হতাহত না হলেও আদালতপাড়াসহ ডিসি অফিস এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রবিবার (২৯ নভেম্বর) দুপুরে ক্যান্টিনের চালে ককটেলটি বিস্ফোরিত হয়। ঘটনার পরপরই জেলা প্রশাসকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ক্যান্টিনের পাশের চায়ের দোকানদার ইলিয়াস হোসেন জানান, এদিন দুপুর ১২টার দিকে এলাকাটি খুবই কর্মচঞ্চল ছিল। হঠাৎ করে ক্যান্টিনের চালে বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হয়।
সদর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘ককটেল নয়, পটকা ফোটানো হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সেটি তদন্তে মাঠে নেমেছে পুলিশ। দুষ্কৃতকারীদের ছাড় দেওয়া হবে না।
এর আগে ২৬ নভেম্বর অজ্ঞাত দুর্বৃত্তরা ক্যান্টিনের চালে ককটেল ছোড়ে। তবে সেটা বিস্ফোরিত না হয়ে নিচে পড়ে যায়। পরে কালো স্কচটেপে মোড়ানো ক্রিকেট বল আকৃতির ককটেলসদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ।





