হালদা নদীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
হাটহাজারী প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে হালদা নদী থেকে নিখোঁজ এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (সকাল ৯টা) উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মোকামিপাড়া ছায়ারচর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম মোহাম্মদ সাব্বির। তিনি রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মইশকরম গ্রামের বাসিন্দা আবদুল মান্নানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে পার্শ্ববর্তী হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের রামদাস মুন্সির হাট এলাকায় একটি ওরশের অনুষ্ঠান শেষে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন সাব্বির ও তাঁর কয়েকজন বন্ধু। এর আগে ওরশ মেলায় দুই দল যুবকের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়ার ঘটনা ঘটে। একপর্যায়ে রাতের মধ্যে নদীপথে ফেরার সময় একটি দল নৌকায় উঠে অপর দলের ওপর হামলা চালায়।
হামলার সময় তিনজন নদীতে পড়ে যান। তাঁদের মধ্যে দুজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সাব্বির নিখোঁজ হন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলার সময় তাঁর মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়েছিল।
হালদা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ রমজান আলী জানান, খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। মঙ্গলবার সকালে নদী থেকে সাব্বিরের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
পরিবারের সদস্য, স্থানীয় বাসিন্দা এবং পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, রামদাস মুন্সির হাটে ওরসে দুই দল যুবকের মধ্যে কথা-কাটাকাটির পর মধ্য রাতে এক পক্ষ নৌকায় রাউজানে ফিরছিলেন, এ সময় নদীতে নৌকায় উঠে অন্য পক্ষ হামলা চালায়। হামলার সময় তিনজন নদীতে পড়ে যান। দুই যুবক সাঁতরে তীরে উঠতে পারলেও সাব্বির নিখোঁজ হন। তাঁর মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয় বলে সঙ্গে থাকা যুবকেরা জানিয়েছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে দ্রুত কাজ করছে বলে জানা গেছে।





