একদিকে জয়পুরহাটের পাম্পগুলোতে জ্বালানি সঙ্কট অন্যদিকে প্রশাসনিক বিধিনিষেধ
জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।
জয়পুরহাটের পাম্পগুলোতে জ্বালানি সঙ্কটের আগে থেকেই জনদুর্ভোগ; তার ওপর এবার যোগ হলো নতুন এক প্রশাসনিক বিধিনিষেধ। জেলার কোনো মোটরসাইকেল যদি রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট বা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া পাম্পে যায়—তেল নয়, বরং “ফেরত” পাবেই নিশ্চিতভাবে।
রবিবার (২৯ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জরুরি বৈঠকে এই কড়া সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
সভায় ছিলেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, বিআরটিএর মোটরযান পরিদর্শক রামকৃষ্ণ পোদ্দার, জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা রওনকুল ইসলাম চৌধুরী টিপু, সভাপতি জিয়াউল হক আলামিন চৌধুরী রানা, সাধারণ সম্পাদক আবুল খায়ের গোলাম মওলাসহ অন্যান্যরা।
জেলা প্রশাসক স্পষ্ট ভাষায় বলেন—
“কাগজপত্র নেই? তেলও নেই। এখন থেকে প্রতিটি পাম্পে পুলিশ পাহারা থাকবে। চেকপোস্টে যাচাইবাছাই হবে নিয়মিত। পাম্প মালিকেরা ক্রেতার মোবাইল নম্বর পর্যন্ত সংরক্ষণ করবে।”
জ্বালানি সঙ্কটে দিশেহারা শহরে এই কঠোর নির্দেশনা যেন এক নতুন বাস্তবতার বার্তা। একদিকে নিরাপত্তা নিশ্চিতের উদ্যোগ, অন্যদিকে তীব্র তেলের ঘাটতির মাঝে চালকদের বাড়তি চাপ—এই দুইয়ের মাঝেই চলছে নতুন বিতর্ক।
জয়পুরহাটে দিনের আলোতেই এখন শোনা যাচ্ছে নতুন প্রশ্ন—
“তেল পাওয়ার আগে কাগজপত্র ঠিক, না কি কাগজপত্র ঠিক করার আগে তেলের লাইনে দাঁড়ানো?”





