এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে প্রতারণা: দুই ব্যক্তি গ্রেফতার
- রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে প্রতারণার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব-১০।
রেজা আহমেদ : কেরানীগঞ্জ উপজেলা প্রতিনিধি।
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে প্রতারণার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব-১০। বুধবার ২৯ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে কামরাঙ্গীরচর থানার হাসাননগর ঝাউলাহাটি এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন কামরাঙ্গীরচর এলাকার সাজেদুল ইসলাম সাইফ এবং লালবাগ এলাকার তাউসিফ রহমান রিসাদ। অভিযানকালে তাদের হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন এবং নগদ ৩ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া যুবকরা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেজিং অ্যাপ টেলিগ্রামে বিভিন্ন গ্রুপ খুলে সংঘবদ্ধভাবে এই প্রতারণা কার্যক্রম চালিয়ে আসছিল। তারা ২০২৬ সালের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ভুয়া তথ্য ও চটকদার বিজ্ঞাপন ছড়িয়ে শিক্ষার্থী এবং অভিভাবকদের বিভ্রান্ত করত। পরবর্তীতে প্রশ্ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিকাশের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করত তারা।
র্যাব কর্মকর্তারা জানান, আটককৃতদের ব্যবহৃত ডিজিটাল ডিভাইস ও মোবাইল ফোন বিশ্লেষণ করে এই জালিয়াতির সঙ্গে তাদের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছে।
এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।



