কেরানীগঞ্জে বিষ ছড়াচ্ছে খোকনের অবৈধ মবিল কারখানা: হুমকির মুখে পরিবেশ ও জনস্বাস্থ্য

ইব্রাহীম ইভু : কেরানীগঞ্জ প্রতিনিধি
কেরানীগঞ্জের খোলামোড়া সংলগ্ন জিয়ানগর এলাকায় লোকচক্ষুর আড়ালে গড়ে ওঠা এক অবৈধ মবিল কারখানার কারণে হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য ও পরিবেশ। স্থানীয় প্রভাবশালী খোকন নামক এক ব্যক্তির নেতৃত্বে পরিচালিত এই কারখানায় পোড়া মবিল প্রক্রিয়াজাত করে তৈরি করা হচ্ছে ভেজাল লুব্রিকেন্ট।
অনুসন্ধানে জানা যায়, কোনো প্রকার সরকারি অনুমোদন বা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই এই কারখানাটি পরিচালিত হচ্ছে। কারখানার বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত বর্জ্য ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে সরাসরি ফেলা হচ্ছে বুড়িগঙ্গা নদীতে। ফলে নদীর পানি যেমন বিষাক্ত হচ্ছে, তেমনি আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে তীব্র দুর্গন্ধ।
সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেখা যায়, কারখানার অভ্যন্তরে রবিউল নামের এক কর্মচারী প্রকাশ্যেই মাদক সেবন করছেন। এলাকাবাসীর অভিযোগ, এই কারখানাটি মূলত অপরাধীদের আস্তানায় পরিণত হয়েছে।
এ বিষয়ে গণমাধ্যমকর্মীরা খোকনের বক্তব্য নিতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং অত্যন্ত অশালীন ভাষায় গালিগালাজ করেন। এমনকি সংবাদ প্রকাশ করলে সাংবাদিকের “কব্জি বিচ্ছিন্ন” করে দেওয়ার মতো ভয়াবহ হুমকি প্রদান করেন তিনি।
এই পরিস্থিতিতে জিয়ানগর এলাকার বাসিন্দারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই অবৈধ কারখানা বন্ধ করে খোকনসহ সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হোক। কেরানীগঞ্জের সুনাম রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপই এখন সময়ের দাবি।



