কলমাকান্দা সীমান্তে বিজিবির অভিযানে ১৩৮ পিস ইয়াবাসহ ২ জন আটক
কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি
নেত্রকোণার কলমাকান্দা সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৩৮ পিস ভারতীয় ইয়াবাসহ দুইজনকে আটক করেছে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।
নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার ০৬ আগস্ট দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে ৪ সদস্যের একটি বিশেষ টহল দল কলমাকান্দা উপজেলার ৬নং খারনই ইউনিয়নের বনবেড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ১১৮০ এমপি থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহজনকভাবে দুই যুবককে দেখে তাদের চ্যালেঞ্জ করা হয়। পরে তল্লাশি করে তাদের কাছ থেকে ১৩৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটকৃতরা হলেন কলমাকান্দা উপজেলার মধুকুড়া গ্রামের মৃত আহম্মেদ আলীর ছেলে মো. সাইদুল ইসলাম (২৮) এবং মো. আব্দুল খালেকের ছেলে মো. আলী ইসলাম (৩০)।
এ বিষয়ে ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসি জানান, সীমান্ত দিয়ে মাদক পাচার রোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ইয়াবাসহ কলমাকান্দা থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকা দিয়ে ভারত থেকে ইয়াবার চালান আসছিল। বিজিবির এই অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে।




