পাইকগাছায় ওয়াশ প্রকল্পের স্বেচ্ছাসেবীদের সমন্বয় সভা অনুষ্ঠিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছা পৌরসভার পানি শাখার নবনির্মিত সভাকক্ষে দাতা সংস্থা ওয়াটারএইড বাংলাদেশ ও বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা নবলোকের উদ্যোগে ওয়াশ (WASH) প্রকল্পের স্বেচ্ছাসেবীদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। নবলোকের প্রজেক্ট ম্যানেজার বি. এম. নাহিদ হাসান এবং ওয়াটারএইড বাংলাদেশের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট এক্সপার্ট সুমন কুমার শাহার সঞ্চালনায় সভায় পাইকগাছা পৌরসভা, হরিঢালী ও চাঁদখালী ইউনিয়নে বাস্তবায়নাধীন ওয়াশ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় চাঁদখালী ও হরিঢালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং প্রকল্পের স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।
সভায় জানানো হয়, প্রকল্পের আওতায় হরিঢালী ইউনিয়নের প্রায় ৫০টি পরিবারের জন্য পাইপলাইনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে একটি পানি সরবরাহ প্রকল্পের নির্মাণকাজ ইতোমধ্যে শুরু হয়েছে। পাশাপাশি হরিঢালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় ৭০ হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন একটি রেইনওয়াটার হারভেস্টিং সিস্টেম স্থাপনের কাজও চলমান রয়েছে।
বক্তারা বলেন, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য নিরাপদ ও সুপেয় পানির প্রাপ্যতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে জনস্বাস্থ্য সুরক্ষা, স্বাস্থ্যসম্মত জীবনযাপন নিশ্চিতকরণ এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
এ সময় অংশগ্রহণকারীরা প্রকল্প বাস্তবায়নে পারস্পরিক সমন্বয় জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় ওয়াশ কার্যক্রমকে আরও কার্যকর, গতিশীল ও টেকসই করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক মতামত তুলে ধরা হয়।




