পাথরঘাটায় নৌ-পুলিশের যৌথ অভিযানে ১৩ লক্ষ টাকার অবৈধ জাল জব্দ
ইব্রাহীম খলীল, পাথরঘাটা।
বরগুনার পাথরঘাটায় জাটকা নিধন রোধে পরিচালিত যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও বেহুন্দি জাল জব্দ করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাকচিড়া নৌ-পুলিশ ফাঁড়ির ব্যবস্থাপনায় এবং পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তার সহযোগিতায় এ কম্বিং অপারেশন পরিচালিত হয়।
অভিযানে কাকচিড়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই মাহমুদুর রহমান ও এএসআই নূরুল ইসলামের নেতৃত্বে একটি দল পাথরঘাটা থানাধীন বিষখালী নদীর কাটাখালি, কালমেঘা, গুলিশাখালী ও বাইনচটকি এলাকায় অভিযান চালিয়ে জাটকা নিধনে ব্যবহৃত অবৈধ জাল উদ্ধার করে।
অভিযান চলাকালে নদীতে পাতা ও পরিত্যক্ত অবস্থায় আনুমানিক ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ০৭টি অবৈধ বেহুন্দি জাল জব্দ করা হয়। উদ্ধারকৃত কারেন্ট জালের বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা এবং বেহুন্দি জালের বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ সময় কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি এবং অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ভিকটিমের তথ্য পাওয়া যায়নি।
উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশনায় উদ্ধারকৃত সকল অবৈধ কারেন্ট জাল ও বেহুন্দি জাল তাৎক্ষণিকভাবে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ বিষয়ে কাকচিড়া নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (আইসি) আবু জিয়াদ ফখরুল আলম খান বলেন,
“জাটকা সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা কার্যকর রাখতে নৌ-পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। বিষখালী নদীসহ উপকূলীয় নদ-নদীতে অবৈধ কারেন্ট ও বেহুন্দি জালের ব্যবহার আইনবিরোধী এবং এটি মৎস্য সম্পদ ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।”
তিনি আরও বলেন, “আজকের অভিযানে উদ্ধারকৃত জালগুলো ধ্বংস করে পুনরায় ব্যবহারের সুযোগ বন্ধ করা হয়েছে। ভবিষ্যতেও জাটকা ও সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে জেলেসহ সংশ্লিষ্ট সকলকে আইন মেনে চলার জন্য অনুরোধ জানাচ্ছি।”





