“প্রণোদনার পরশে আমন চাষে নতুন আশার আলো, তারাগঞ্জে ১,৯০০ কৃষকের হাতে বীজ-সার”
জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
রবিবার (২৮ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের যৌথ উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায়, উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর আমির এস. এম. আলমগীর হোসেন, রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্যের প্রতিনিধি মো. আমিনুল ইসলামসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি এবং কৃষকরা।
অনুষ্ঠানে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে বিনামূল্যে উন্নত জাতের আমন ধানের বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার তুলে দেওয়া হয়।
এ সময় বক্তারা বলেন, কৃষকদের উৎপাদন ব্যয় কমানো, আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহ প্রদান এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের সহায়তা কৃষকদের কৃষিকাজে আরও উৎসাহিত করবে এবং দেশের কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক অবদান রাখবে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি খরিফ-২ মৌসুমে তারাগঞ্জ উপজেলার মোট ১ হাজার ৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এ প্রণোদনার আওতায় বিনামূল্যে আমন ধানের বীজ ও রাসায়নিক সার পেয়েছেন। সরকারের কৃষিবান্ধব বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে এই সহায়তা কৃষকদের মাঝে বিতরণ করা হচ্ছে, যাতে তারা সময়মতো চাষাবাদ সম্পন্ন করে অধিক ফলন নিশ্চিত করতে পারেন।
বিতরণ কার্যক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা অংশগ্রহণ করেন এবং সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধিতে এ ধরনের সহায়তা অব্যাহত রাখার দাবি জানান।




