সাতক্ষীরার পাটকেলঘাটায় সংঘবদ্ধ গ্যাংয়ের হামলায় কিশোর আহত
মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা ::
সাতক্ষীরার পাটকেলঘাটা থানার সারসা এলাকায় সংঘবদ্ধ সন্ত্রাসী গ্যাংয়ের লাগামহীন অপরাধে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। গত বছর হত্যাচেষ্টার মামলার পরও একই কিশোরকে পুনরায় টার্গেট করে বেধড়ক মারপিট চালিয়েছে গ্যাংয়ের সদস্যরা।
সর্বশেষ গত ২২ মার্চ ২০২৬ তারিখে হামলার শিকার হওয়ার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।
অভিযোগপত্র ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে গত ২২ আগস্ট সারসা বাইপাস সংলগ্ন এলাকায় মোস্তফা মোড়লের ছেলে আলিফ হাসানের ওপর পরিকল্পিত হামলা চালায় স্থানীয় একটি গ্যাং। লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার পর হত্যার উদ্দেশ্যে নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়। এ ঘটনায় মামলা হলেও গ্যাং সদস্যরা জামিনে বেরিয়ে এসে পুনরায় একই কিশোরকে টার্গেট করে।
পুনরায় হামলা ও আতঙ্ক
গত ২২ মার্চ ২০২৬ তারিখে আবারও আলিফের ওপর হামলা চালায় গ্যাংয়ের সদস্যরা। এলাকাবাসীর দাবি, একই ব্যক্তিকে বারবার টার্গেট করার পাশাপাশি তারা নিয়মিত চাঁদাবাজি ও ইভটিজিং চালিয়ে যাচ্ছে। এতে নারী ও কিশোরীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, একই ছেলেকে বারবার হত্যাচেষ্টা করা হচ্ছে, অথচ গ্যাংটির সদস্যরা এখনও ধরাছোঁয়ার বাইরে। আমরা দ্রুত এদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ বিষয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
গ্যাংয়ের হাতে বেধড়ক মারপিটের শিকার আলিফ বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী অবিলম্বে এই সন্ত্রাসী গ্যাংয়ের সমূলে উৎপাটন এবং এলাকায় স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।





