ভোলায় ক্লিনিকে ভূল চিকিৎসার ফলে প্রসূতি’র মৃত্যুর অভিযোগ
ভোলায় ক্লিনিকে ভূল চিকিৎসার ফলে প্রসূতি’র মৃত্যুর অভিযোগ
মোঃ ইয়াছিন আরাফাত শান্ত, [ভোলা সদর প্রতিনিধি]
ভোলার বেসরকারি ক্লিনিক হাবিব মেডিকেল সেন্টারে ভুল চিকিৎসায় ফাবিয়া আক্তার (২০) নামে এক প্রসূতি মায়ের গর্ভের সন্তানসহ মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ভোলা সদর রোডের পাশে অবস্থিত হাবিব মেডিকেল সেন্টারে এই ঘটনা ঘটে। নিহত ফাবিয়া সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রাজমিস্ত্রী নাহিদের স্ত্রী।
নিহতের স্বজনরা জানান, সকালে প্রসব বেদনা দেখা দিলে ফাবিয়াকে হাবিব মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। সেখানে কোনও বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই দায়িত্বরত নার্সরা স্বাভাবিক প্রসবের জন্য তার শরীরে ইনজেকশন পুশ করেন। ইনজেকশন দেয়ার মুহূর্তের মধ্যেই ফাবিয়ার অবস্থার অবনতি ঘটে এবং তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
ভুল চিকিৎসায় মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত স্বজন ও স্থানীয় জনতা ক্লিনিকটিতে হামলা ও ব্যাপক ভাঙচুর চালায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচল বিঘ্নিত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।
ভুল চিকিৎসার অভিযোগ অস্বীকার করে হাবিব মেডিকেল সেন্টারের স্টাফ রাজিব সাংবাদিকদের বলেন, রোগীর অবস্থা আগে থেকেই গুরুতর ছিল। চিকিৎসায় কোনও ভুল হয়নি।
এ ব্যাপারে ভোলা সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. জিয়া উদ্দিন বলেন, ‘ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য ক্লিনিকের দুই কর্মীকে থানায় আনা হয়েছে। যদিও নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’





