কালাইয়ে জামায়াত প্রার্থীর জনসভা, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধের ডাক
জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।
জয়পুরহাটের কালাই বাসস্ট্যান্ড চত্বরে রবিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালাই উপজেলা শাখার আয়োজনে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হয়৷
সভায় সভাপতিত্ব করেন কালাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. মুনসুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট–২ আসনের জামায়াত মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ। সভার কার্যক্রম পরিচালনা করেন উপজেলা শাখার সেক্রেটারি আব্দুল আলীম।
সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশিদ, তারবিয়াত সেক্রেটারি মাওলানা মো. মাহমুদুল হাসান, জয়পুরহাট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোমিন ফকির, ক্ষেতলাল উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আমিনুল ইসলাম, কালাই উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা নুরুজ্জামান সরকার, নায়েবে আমীর তাইফুল ইসলাম ফিতা, শ্রমিক নেতা মোনতাহার হোসেন, যুব বিভাগের সভাপতি মো. খাইরুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আশরাফুল ইসলাম, সাবেক শিবির নেতা জাকির হোসেন, জুলাই যোদ্ধা হাসিবুল ইসলাম, জামায়াত নেতা মাওলানা মো. মোজাফ্ফর হোসেন, মো. আজিজুল হক, মাওলানা গোলাম আযম এবং অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথি এস এম রাশেদুল আলম সবুজ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নেয়া প্রয়োজন। তিনি জানান, জনগণকে ন্যায়ভিত্তিক শাসন ও সেবা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, “আমরা শাসক নয়, সেবক হতে চাই। আসুন আমরা কথা ও কাজের মিল রেখে সুন্দর বাংলাদেশ গড়ে তুলি। আমাদের বিজয় হলে রাষ্ট্রীয় কোনো সেবা নিতে মানুষকে আর বিড়ম্বনায় পড়তে হবে না।”
নির্বাচিত হলে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ, নারীর ক্ষমতায়ন, আলুসহ কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত, শিল্পকারখানা স্থাপন এবং কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এছাড়া একটি সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারও তিনি ব্যক্ত করেন।
সভায় বক্তারা দেশের মানুষের পরিবর্তন ও সংস্কারের প্রত্যাশা তুলে ধরেন। তারা ফ্যাসিবাদবিরোধী বক্তব্য প্রদান করেন এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গঠনের আহ্বান জানান।
বক্তব্য শেষে উপস্থিত নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বড় মিছিল অনুষ্ঠিত হয়, যা জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করে।





