সন্ধ্যার ফেরাটা আর হলো না, তারাগঞ্জে সড়কে নিভে গেল তরুণের প্রাণ
জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি-
রংপুরের তারাগঞ্জ উপজেলায় কাঠবোঝাই ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামিম (২৪) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার বামনদিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামিম একটি বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান আরএফএল (RFL)-এর কর্মী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শামিম তারাগঞ্জ উপজেলার চিলাপাক এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি প্রতিদিনের মতো মঙ্গলবার সন্ধ্যায় খিলগঞ্জ এলাকায় অবস্থিত আরএফএল কোম্পানির কারখানায় কাজ শেষ করে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে বামনদিঘি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গাছবোঝাই একটি ট্রলির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের তীব্রতায় শামিম মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এতে তার মাথা ও মুখে গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে কিছুক্ষণের মধ্যেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং শামিমকে উদ্ধারের চেষ্টা করেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কোনো ধরনের চিকিৎসা দেওয়ার আগেই তিনি মারা যান। পরে স্থানীয়রা বিষয়টি তারাগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া শুরু করে। দুর্ঘটনার ফলে ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
নিহত শামিমের অকাল মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, শামিম ছিলেন ভদ্র ও পরিশ্রমী যুবক। তার এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।
এ বিষয়ে তারাগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





