সিরাজগঞ্জের বাগবাটি ইউনিয়নে সচিব মাসুদ রানা অপসারণ দাবিতে মানববন্ধন, ডিসির কাছে অভিযোগ
ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলার ২নং বাগবাটি ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মাসুদ রানার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।
মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১২টার দিকে বাগবাটি ইউনিয়ন পরিষদের সামনে স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সরকারি ভিজিএফ কর্মসূচির আওতায় হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে ব্যাপক অনিয়ম হয়েছে। নির্ধারিত ১০ কেজি চালের পরিবর্তে অনেক ক্ষেত্রে ৮ থেকে সাড়ে ৮ কেজি করে দেওয়া হয়েছে। এছাড়া শতাধিক কার্ডে অনিয়মের অভিযোগ তোলা হয়।
রাজিবপুর গ্রামের শহিদুল ইসলাম বলেন, “আমাদের নামে বরাদ্দ থাকা ১০ কেজি চাল পূর্ণভাবে দেওয়া হয়নি। ৮ থেকে সাড়ে ৮ কেজি করে দেওয়া হয়েছে। এতে গরিব মানুষ তাদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছে।
ঘোড়াচড়া গ্রামের নজরুল ইসলাম অভিযোগ করেন, জন্মনিবন্ধন ও ওয়ারিশিয়ান সনদ নিতে গেলে নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত টাকা দাবি করা হচ্ছে। “কয়েক হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। টাকা না দিলে হয়রানি করা হয়, বলেন তিনি।
ফুলকোচা গ্রামের মোঃ ইব্রাহিম বলেন, “গত ৫ আগস্টের পর থেকে সচিব মাসুদ রানা বিভিন্ন অনিয়ম করে আসছেন। গরিব ও অসহায় মানুষকে সেবা না দিয়ে অর্থের বিনিময়ে কাজ করছেন।
এদিকে ইউনিয়নে স্থায়ী চেয়ারম্যান না থাকায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে বলেও অভিযোগ করেন এলাকাবাসী। দায়িত্বপ্রাপ্ত প্রশাসক জেলা শহরে অবস্থান করায় সাধারণ মানুষকে প্রয়োজনীয় সেবা নিতে দূরে যেতে হচ্ছে। এতে জন্মনিবন্ধন, ওয়ারিশ সনদসহ গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজ ব্যাহত হচ্ছে।
মানববন্ধনে বক্তারা এসব অনিয়মের জন্য সংশ্লিষ্ট সচিবকে দায়ী করে দ্রুত তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন তারা।





