নওগাঁয় নদীতে ভাসমান বৃদ্ধের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত
স্টাফ রিপোর্টার নওগাঁঃ
নওগাঁর আত্রাই উপজেলায় আত্রাই নদী থেকে আলীমুদ্দীন (৮৫) নামে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৮ নম্বর হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া গ্রাম সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আলীমুদ্দীন পাশ্ববর্তী মান্দা উপজেলার শিবনগর ঘোষপাড়া গ্রামের মৃত দুখুর মিঞার ছেলে। তিনি অবিবাহিত ছিলেন এবং মানসিকভাবে প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়দের তথ্যমতে, সকালে বান্দাইখাড়া গ্রামের শবদুলের বাড়ির পাশ দিয়ে আত্রাই নদীর তীর ধরে হাঁটার সময় আলী নামে এক যুবক নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয় এবং অনেকে ঘটনাস্থলে ভিড় করেন।
খবর পেয়ে আত্রাই থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে পরিবারের সঙ্গে যোগাযোগ করে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুব আলম জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





