শাহরাস্তির আয়নাতলীতে মাদকবিরোধী র্যালী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
এইচ এ বাবলু: চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশের উদ্যোগে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী বাজারে মাদকবিরোধী র্যালী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান-এর নেতৃত্বে আয়নাতলী বাজারে এ মাদকবিরোধী র্যালীর আয়োজন করা হয়।
র্যালীতে উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) গৌতম চন্দ্র হালদার, শাহরাস্তি থানার অন্যান্য পুলিশ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। আয়োজকদের তথ্যমতে, র্যালীতে প্রায় ৫০০ থেকে ৬০০ জন অংশগ্রহণ করেন।
র্যালী শেষে ফরিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সর্বস্তরের জনগণকে একযোগে কাজ করতে হবে।
সভায় উপস্থিত ব্যক্তিরা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি যুবসমাজকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান।





