বুড়িমারী মহাসড়কে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬
লুৎফর রহমান,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬
বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুড়িমারী স্থলবন্দর থেকে যাত্রীবাহী একটি অটোরিকশা পাটগ্রামের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি ঘুন্টি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়দের ভাষ্য, যান্ত্রিক ত্রুটির কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। পরে ট্রাকটি সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ে এবং অটোরিকশাটিকে চাপা দেয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মোস্তাকীন নামে আরও একজনের মৃত্যু হয়। পরে গুরুতর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। এতে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়ায়।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




