সারাদেশ

সিরাজগঞ্জে ৯৪ মোবাইলসহ আন্তজেলা চোরচক্রের ৮ সদস্য গ্রেপ্তার

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানায় অভিযান চালিয়ে চোরাই ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ আন্তজেলা চোরচক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত শ্যামলী পরিবহনের একটি বাস থেকে চুরি যাওয়া মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রবিউল (৩৩), আলাউদ্দিন (২৫), ইসরাফিল (২৭), হৃদয় (৩৫), আলামিন (৩০), আক্কাস (৩৫), ইমরান (৩০) ও ইয়াসিন আরাফাত (৩৮)।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন জেলার বাসিন্দা এবং আন্তজেলা চোরচক্রের সদস্য। বুধবার সকাল ৮টার দিকে তারা বগুড়ার ধুনট সদরের ইছামতি কমপ্লেক্স মার্কেটের ‘মাসুদ টেলিকম’ নামের একটি মোবাইল ফোনের দোকানের শাটার ও তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে দোকান থেকে মোবাইল ফোনগুলো চুরি করে পালিয়ে যায়।
মাসুদ টেলিকমের স্বত্বাধিকারী মাসুদ রানা বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। বুধবার ভোর ৭টার দিকে মার্কেটের নৈশপ্রহরী দোকানগুলো দেখভালের জন্য মার্কেটে গিয়ে মাসুদ টেলিকমের তালা কাটা ও শাটার খোলা দেখতে পান। পরে তিনি বিষয়টি মাসুদ রানাকে জানান।
খবর পেয়ে দ্রুত দোকানে গিয়ে ধুনট থানার পুলিশকে বিষয়টি জানান মাসুদ রানা। পরে দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে চোরদের গতিবিধি শনাক্তের চেষ্টা করা হয়। একপর্যায়ে সিএনজি স্ট্যান্ডে গিয়ে চালকদের সঙ্গে কথা বলে তাদের পালানোর পথ সম্পর্কে তথ্য পাওয়া যায়।
মাসুদ রানা জানান, সিএনজি চালকদের কাছ থেকে জানা যায়, আটজন ব্যক্তি দুটি সিএনজি অটোরিকশা রিজার্ভ করে শেরপুর বাসস্ট্যান্ডে যান। সেখান থেকে শ্যামলী পরিবহনের একটি বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তারা। পরে তিনি শেরপুর বাসস্ট্যান্ডে গিয়ে শ্যামলী পরিবহনের কাউন্টার স্টাফদের সঙ্গে কথা বলে বাসের নম্বর ও সুপারভাইজারের মোবাইল নম্বর সংগ্রহ করে ধুনট থানার পুলিশের কাছে দেন।
এরপর ধুনট থানা পুলিশ, সিরাজগঞ্জ হাইওয়ে পুলিশ ও যমুনা সেতু পশ্চিম থানা পুলিশের সমন্বিত অভিযানে শ্যামলী পরিবহনের বাস থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় ধুনট থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের ধুনট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,