পিচ্চি রাজাকে নিয়ে সাতক্ষীরা সীমান্তে টহল জোরদার বিজিবির
মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::
পলাতক আসামি ‘পিচ্চি রাজা’র সীমান্ত পার হওয়া ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে টহল তৎপরতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আসামি যাতে সীমান্ত অতিক্রম করে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যেতে না পারে তাই সাতক্ষীরা সীমান্তে জনবলও বাড়ানোর পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও। মঙ্গলবার বিকালে সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক কর্ণেল কাজী আশিকুর রহমানের সই করা এক প্রেসবিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৭ সেপ্টেম্বর রাত ৮টা ৩৫ মিনিটে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আটক আসামি পিচ্চি রাজা কোনাবাড়ী গাজীপুর এলাকা থেকে পালিয়ে যায় বলে জানা গেছে। পলাতক আসামি যাতে সাতক্ষীরা ৩৩ বিজিবির দায়িত্বপূর্ণ ৫৪ কিলোমিটার সীমান্ত এলাকার কোনো স্থান দিয়ে সীমান্ত অতিক্রম করে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে সীমান্ত এলাকায় জনবল বাড়ানো হয়েছে। একই সঙ্গে টহল তৎপরতা জোরদার এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
সাতক্ষীরা সীমান্তে বিজিবির ৫৪ কিলোমিটার দিয়ে কোনো অবৈধ লোকজন যাতে সীমান্ত পার হতে না পারে সেজন্য টহল জোরদার করা হয়েছে। এ ছাড়াও বিশেষ অভিযান পরিচালনার পাশাপাশি সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপনের মাধ্যমে তল্লাশী চালানো হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।





