সারাদেশ

৭৯ ঘণ্টা পর নওগাঁয় বাস-অটোরিকশা চলাচল শুরু

স্টাফ রিপোর্টার নওগাঁঃ
সিএনজিচালিত অটোরিকশার চালক ও বাসশ্রমিকদের সংঘর্ষ এবং পাল্টাপাল্টি অবস্থানের জেরে টানা ৭৯ ঘণ্টা বন্ধ থাকার পর নওগাঁয় অভ্যন্তরীণ ও কয়েকটি আন্তঃজেলা রুটে বাস ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল শুরু হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে প্রশাসনের হস্তক্ষেপে দুই পক্ষের সমঝোতার পর যান চলাচল শুরু হয়।
দীর্ঘ সময় পর যান চলাচল শুরু হলেও ভোগান্তির জন্য ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। তারা বলেন, যান চলাচল বন্ধ থাকার সুযোগে কিছু ছোট যানবাহনের চালক অতিরিক্ত ভাড়া আদায় করেছেন। বাধ্য হয়ে দ্বিগুণ বা তারও বেশি ভাড়া দিয়ে রিকশা, ভ্যানসহ বিভিন্ন বিকল্প যানবাহনে গন্তব্যে যেতে হয়েছে।
মান্দাগামী যাত্রী আরিফ হোসেন বলেন, ‘প্রশাসনের সমঝোতায় গাড়ি চলাচল শুরু হলো। কিন্তু এই কয়েক দিনের ভোগান্তির দায় কে নেবে? সংঘর্ষ হলো কার সঙ্গে, আর কষ্ট ভোগ করতে হলো সাধারণ যাত্রীদের। সাধারণ মানুষের কষ্টের কথা কেউ ভাবে না।’
সাপাহারগামী যাত্রী তুলি কাজী বলেন, ‘সামান্য ঘটনাকে কেন্দ্র করে এভাবে সাধারণ মানুষকে জিম্মি করে ফেলা কোনোভাবেই কাম্য নয়। ভবিষ্যতে এ ধরনের অচলাবস্থা এড়াতে প্রশাসনের কঠোর নজরদারি এবং পরিবহন মালিক-শ্রমিকদের দায়িত্বশীল আচরণ করতে হবে।’
আদালতে হাজিরা দিতে আসা পোরশার তারিক হোসেন বলেন, তিন দফায় বিকল্প যানবাহনে আসায় তাকে অতিরিক্ত ১৫০ টাকা ভাড়া দিতে হয়েছে। এতে সময়ও নষ্ট হয়েছে।
বাস ও অটোরিকশার মালিক-শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শনিবার বেলা ১১টার দিকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে একটি সিএনজিচালিত অটোরিকশার চালক এবং একটি বাসের চালক ও সহকারীর মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর জেরে বেলা একটার দিকে পত্নীতলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশাচালকেরা সংঘবদ্ধ হয়ে বাসচালক রুবেল হোসেন ও তার সহকারীকে মারধর করেন।
এর প্রতিবাদে পরদিন রোববার সকাল থেকে নওগাঁ থেকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট ও বগুড়া রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। একই সঙ্গে বাসশ্রমিকেরা সড়কে অটোরিকশা চলাচলও বন্ধ করে দেন। বাসশ্রমিকদের বাধা উপেক্ষা করে অটোরিকশা চালানোর চেষ্টা করলে চালকদের ওপরও হামলার অভিযোগ ওঠে।
গত সোমবার রাতে প্রশাসনের সঙ্গে আলোচনার পর অভ্যন্তরীণ রুটে বাস চলাচল শুরুর ঘোষণা দেওয়া হলেও তা দুই ঘণ্টার বেশি স্থায়ী হয়নি। মঙ্গলবার সকালে বদলগাছীতে একটি যাত্রীবাহী বাস গেলে অটোরিকশাচালকেরা বাসচালকের ওপর হামলা করেন বলে অভিযোগ ওঠে। এরপর আবারও বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।
যান চলাচল বন্ধ হওয়ার পর থেকে পরিবহন শ্রমিক নেতা, অটোরিকশা মালিক-চালক সমিতি এবং স্থানীয় প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে দফায় দফায় বৈঠক হয়। অবশেষে উভয় পক্ষের সমঝোতায় বুধবার দুপুর সাড়ে ১টা থেকে যান চলাচল স্বাভাবিক হয়।
নওগাঁ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বলেন, ‘এই আন্দোলনে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। এটি শ্রমিকদের আন্দোলন ছিল। তাদের যে দাবিগুলো ছিল, তারা প্রশাসনের কাছে লিখিতভাবে তা চেয়েছিলেন। প্রশাসন তাদের দাবি লিখিতভাবে দিয়েছে। এখন শ্রমিকেরা গাড়ি চালাচ্ছেন।’
নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুল হক বলেন, শ্রমিকদের নির্দিষ্ট দাবি ও শর্ত সাপেক্ষে যান চলাচল শুরু হয়েছে। যাত্রী ওঠানামার ক্ষেত্রে দুই পক্ষের মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া নির্দিষ্ট দূরত্বে সিএনজি ও বাসের স্টেশন থাকবে। সিএনজিচালিত অটোরিকশা নির্দিষ্ট সময় মেনে চলাচল করবে।
ভবিষ্যতে কেউ এ ধরনের পরিস্থিতি তৈরি করলে বা আইন অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,