সদরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সদরপুর থেকে শিমুল তালুকদার
ফরিদপুরের সদরপুর উপজেলায় কৃষকদের দীর্ঘদিনের প্রত্যাশিত ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে উপজেলার কৃষকরা এখন আরও সহজে সরকারি সকল কৃষি সেবা ও প্রণোদনার আওতায় আসবেন।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এই কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল বাশার চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সব্যসাচী মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোফাজ্জেল হোসেন এবং সদরপুর থানার অফিসার ইনচার্জ মো. আবদুল আল মামুন শাহ। এছাড়া স্থানীয় কৃষক, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠান চলাকালীন সদরপুর উপজেলার ৭৪৭ জন কৃষক একযোগে অনলাইনে তাদের কৃষক কার্ডের সহায়তা গ্রহণ করেন।
কৃষি বিভাগ জানিয়েছে, এই কার্ড চালুর ফলে প্রকৃত কৃষকদের নিখুঁতভাবে শনাক্ত করা সম্ভব হবে। পর্যায়ক্রমে কৃষকদের সরকারি কৃষি সেবা, আধুনিক কৃষি উপকরণ, প্রণোদনা, সহজ শর্তে ঋণ এবং প্রয়োজনীয় প্রশিক্ষণসহ নানা সুযোগ-সুবিধার আওতায় আনা হবে। এর ফলে সরকারি কৃষি সহায়তা বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।





