সারাদেশ

“শিশুকে যৌন নিপীড়নচেষ্টার অভিযোগ’ মেয়ের বিচার চাইতে গিয়ে উল্টো মামলার মুখে মা-বাবা

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ একদিকে পাঁচ বছরের শিশুকন্যার প্রতি যৌন নিপীড়নচেষ্টার অভিযোগের বিচার পাওয়ার আকুতি, অন্যদিকে পাল্টা মামলার চাপ ও নিরাপত্তাহীনতার শঙ্কা। সন্তানের জন্য ন্যায়বিচার চাইতে গিয়ে উল্টো আইনি জটিলতায় পড়ার অভিযোগ তুলেছেন মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর এলাকার এক পরিবার। তাঁদের অভিযোগ, চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে ঘরে নিয়ে নিপীড়নের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় থানায় এজাহার দেওয়ার পর ভুক্তভোগীদের বিরুদ্ধে জমিসংক্রান্ত মামলা করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
ভুক্তভোগী শিশুটির পরিবারের অভিযোগ, একই এলাকার হাবিবুর রহমান সিকদার ওরফে হাবুল সিকদার এ ঘটনার সঙ্গে জড়িত। গত ৬ অক্টোবর শিশুটির মা কালকিনি থানায় লিখিত এজাহার দেন। তবে এখনো অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করেছে পরিবারটি।
চকলেটের প্রলোভনে ঘরে নেওয়ার অভিযোগ
শিশুটির মায়ের দেওয়া এজাহার সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর সকাল ১১টার দিকে কালকিনি উপজেলার মধ্য সাহেবরামপুর এলাকায় বাড়ির সামনের পাকা রাস্তা থেকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে অভিযুক্তের বসতঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে ঘরের সামনের কক্ষে একটি খাটের ওপর শিশুটিকে যৌন নিপীড়নচেষ্টার করা হয়েছে।
মেয়েকে খুঁজতে খুঁজতে অভিযুক্তের বাড়ির কাছে গিয়ে ঘরের ভেতর থেকে কান্নার শব্দ শুনতে পান শিশুটির মা। পরে ঘরের বেড়ার ফাঁক দিয়ে তাকিয়ে শিশুটিকে অভিযুক্তের সঙ্গে দেখতে পান। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত সেখান থেকে চলে যান। ঘটনার পর পরিবারের সদস্যরা স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে প্রতিকার চান। সেখানে সমাধান না পেয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ করেন শিশুটির মা।
বিচার চাইতে গিয়ে পাল্টা মামলার অভিযোগ
শিশুটির পরিবারের দাবি, যৌন নিপীড়নচেষ্টার অভিযোগে এজাহার দেওয়ার পর তাঁদের বিরুদ্ধে জমিসংক্রান্ত মামলা করা হয়েছে। আগে ওই জমি নিয়ে অভিযুক্ত পক্ষের সঙ্গে তাঁদের কোনো বিরোধ ছিল না বলেও দাবি তাঁদের। বিভিন্ন ব্যক্তির মাধ্যমে মামলা তুলে নিতে চাপ ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে পরিবারটি।
স্থানীয় বাসিন্দা আকলিমা, সোনিয়া, তানিয়া ও রুমকির অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি এর আগেও শিশুদের সঙ্গে খারাপ আচরণ করেছেন।স্থানীয় বাসিন্দা সালাম হাওলাদার, রুবেল সিকদার, আলমার শিকদার, আলমগীর শিকদার ও বেলায়েত মাতুব্বরসহ কয়েকজনের দাবি, পরিবারটিকে নিরাপত্তা দিতে হবে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে।
শিশুটির মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার নিষ্পাপ বাচ্চাকে চকলেটের প্রলোভন দেখিয়ে এভাবে খারাপ কাজ করার চেষ্টা করবে, কখনো ভাবতে পারিনি। আমি আমার মেয়ের ঘটনার বিচার চাই। এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে ভবিষ্যতে আর কোনো শিশুর সঙ্গে কেউ এমন করার সাহস না পায়।”
শিশুটির বাবা বলেন, “আমরা গরিব মানুষ, দিন এনে দিন খাই। মামলা করার কয়েক দিন পার হয়ে গেলেও পুলিশ আসামিকে ধরতে পারেনি বলে আমাদের অভিযোগ। উল্টো অভিযুক্তের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় করা মামলায় আমাকেও আসামি করা হয়েছে।”
বিক্ষোভের পর বাড়িতে অগ্নিসংযোগ
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ অক্টোবর সন্ধ্যায় অভিযুক্তের বিচারের দাবিতে সাহেবরামপুর ইউনিয়নের মধ্যেরচর সাহেবরামপুর গ্রামে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। একপর্যায়ে উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অভিযুক্তের স্ত্রী দেলোয়ারা বেগম তাঁদের বিরুদ্ধে পাল্টা জমিসংক্রান্ত মামলা করার কথা স্বীকার করেছেন। তিনি জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা করার পরিপ্রেক্ষিতে গত ৬ অক্টোবর তাঁরাও বাদীপক্ষের বিরুদ্ধে মামলা করেছেন।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল আলম বলেন, “অভিযোগ পেয়েছি। মামলার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
শিশুটির পরিবারের প্রত্যাশা, অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন, ন্যায়বিচার এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,