সান্তাহারে সনাতনীদের সাথে কেন্দ্রীয় নেতার মত বিনিময়
আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘির সান্তাহার রাধা-মাধব মন্দিরে সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আ’লীগের দোসরদের সাথে এক মত বিনিময় সভা করেছেন বলে অভিযোগ উঠেছে কেন্দ্রীয় পুজা উদযাপন ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক বিজয় পান্ডের বিরুদ্ধে।
প্রাধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয় পান্ডের ফ্যাসিস্ট আ’লীগের দোসরদের সাথে মত বিনিময় সভা করা নিয়ে স্থানীয় সনাতন ধর্মালম্বী অন্যান্য নেতা-কর্মীর মাঝে মত পার্থক্য, চাপা ক্ষোভ এবং অসন্তোষ্টি প্রকাশ পেয়েছে।
গত (২১ আগস্ট) বৃহস্পতিবার সান্তাহার পৌর শহরের রথবাড়ী এলাকায় অবস্থিত রাধা-মাধব মন্দিরে কেন্দ্রীয় পুজা উদযাপন ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক বিজয় পান্ডে এক মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে স্থানীয় সনাতনী বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন না বললেই চলে। সেখানে বিগত ফ্যাসিস্ট আ’লীগ সরকারের সনাতনী কয়েক জন নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এই মত বিনিময় সভায় সান্তাহার পৌর আ’লীগের সাবেক নেতা এবং সাবেক খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের আত্মীয় প্রদীপ কুমার সরকার, আদমদীঘি উপজেলা আ’লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রদীপ ভৌমিকের ছোটো ভাই এবং চার নম্বর ওয়ার্ড আ’লীগের নেতা উত্তম ভৌমিক, ফ্যাসিস্ট আ’লীগের দোসর রবি রায় এবং পৌরসভার চার নম্বর ওয়ার্ড আ’লীগের আরো বেশ কয়েক জন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় পুজা উদযাপন ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক বিজয় পান্ডে আ’লীগ দোসরদের সাথে মত বিনিময় সভা করা নিয়ে সান্তাহার পৌর বিএনপি’র সনাতন ধর্মালম্বী নেতাদের মধ্যে এক ধরণের চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। নামা প্রকাশে অনিচ্ছুক পৌর বিএনপি’র সনাতন ধর্মালম্বী এক নেতা বলেন, বিজয় দাদা রাধা-মাধব মন্দিরে স্থানীয় বিএনপি সনাতনী নেতাদের বাদ দিয়ে ফ্যাসিস্ট আ’লীগের দোসরদের সাথে মত বিনিময় করে গেছেন। এই বিষয়টা নিয়ে স্থানীয় সনাতনী নেতাদের মধ্যে এক ধরণের চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।





