কর্ণফুলীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
কর্ণফুলী প্রতিনিধি :
চট্টগ্রামের কর্ণফুলীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন মো. আলমগীর প্রঃ আলাউদ্দিন (৩০) নামের এক যুবক।
বুধবার দিবাগত রাত বারোটার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড পূর্বপাড়া এলাকার মো. জয়নালের অটোরিকশার গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।
মৃত আলমগীর পূর্বপাড়া এলাকার আবুল কাশের বাড়ির আবদুল খালেকের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সদ্য বিবাহিত আলমগীর নগরীর আন্দরকিল্লা এলাকায় একটি ছাপাখানায় চাকরির পাশাপাশি পার্টটাইম হিসেবে দুর্ঘটনাস্থল তার বন্ধু জয়নালের অটোরিকশার গ্যারেজে চাকরি করতেন।
পরিবার ও স্থানীয়রা জানান, গত ২৮ আগষ্ট মাত্র ২৮ দিন আগে ধুমধাম করে আলমগীরের বিয়ে হয়। জীবনের নতুন অধ্যায় শুরুর আনন্দে কাটছিল দিনগুলো।
তবে বুধবার আন্দরকিল্লা ছাপাখানা থেকে এসে প্রতিদিনের মত অটোরিকশার গ্যারেজে যান। সেখানে রাত ১২টার দিকে একটি অটোরিকশা চার্জ দেওয়ার জন্য বিদ্যুৎ–সংযোগ দিতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি আহত হন। পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে শিকলবাহা সাউথ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য মো. আজাদ বলেন, নতুন বউ রেখে আলমগীরের এমন মৃত্যু শুধু পরিবার নয়, পুরো গ্রামবাসীর জন্যই গভীর বেদনার।
নিহতের বন্ধু ও দুর্ঘটনাস্থল গ্যারজের মালিক মো. জয়নাল বলেন, এ ঘটনায় বন্ধুমহলের মধ্যে শোকের ছায়া নেমে আসছে। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা সবাই হতবাক। আমরা তার পরিবারকে সাধ্যমত আর্থিক সহযোগিতা করব ইনশাআল্লাহ।
নিহত আলমগীরের মা শাহনাজ বেগম বলেন, মাত্র ২৮ দিন হয়েছে আমার ছেলের বিয়ে হয়েছে। কত সুন্দর সংসার। কিভাবে কি হয়ে গেল। মনকে শান্তনা দেওয়া খুব কঠিন। তবে এ ঘটনায় কারো বিরুদ্ধে অভিযোগ নেই বলে জানান তিনি।
কর্ণফুলী থানার উপ-পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করা হবে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





