রংপুরে নির্বাচনী পদযাত্রায় আসিফ–হাসনাত
জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি—
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটের প্রচারণার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘নির্বাচনী পদযাত্রা’ কর্মসূচিতে রংপুরে যাচ্ছেন দলের মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে শহীদ আবু সাঈদ-এর কবর জিয়ারতের মধ্য দিয়ে রংপুরে এনসিপির নির্বাচনী পদযাত্রা শুরু হবে। পদযাত্রা ও পরবর্তী জনসমাবেশগুলোতে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেবেন।
দলীয় সূত্রে জানা গেছে, এই পদযাত্রার মাধ্যমে এনসিপি তাদের নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’ সাধারণ মানুষের কাছে পরিচিত করার পাশাপাশি আসন্ন গণভোটে রাষ্ট্র সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাবে।
কর্মসূচির অংশ হিসেবে বিকেলে কাউনিয়া বাসস্ট্যান্ডে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন-এর পক্ষে আয়োজিত এক নির্বাচনী পথসভায় এবং সন্ধ্যায় পীরগাছা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে আসিফ মাহমুদ ও হাসনাত আব্দুল্লাহর। এসব কর্মসূচিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম উপস্থিত থেকে বক্তব্য দেবেন বলেও দলীয় সূত্র নিশ্চিত করেছে।
এনসিপির রংপুর মহানগর কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আলমগীর নয়ন বলেন, ‘এই পদযাত্রার মূল লক্ষ্য সাধারণ মানুষের কাছে “শাপলা কলি” প্রতীককে পরিচিত করা এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণভোটে “হ্যাঁ” ভোটের পক্ষে জনমত গড়ে তোলা।’
দলীয় সূত্র আরও জানায়, রংপুর সফর শেষে এনসিপি উত্তরাঞ্চলের কুড়িগ্রাম, দিনাজপুর ও পঞ্চগড়ে জনসভা করবে। পরবর্তীতে নাটোরে জনসভা এবং রাজশাহীতে পথসভা করার কর্মসূচিও রয়েছে।





